বন্ধ করে দেওয়া ভাটা ফের চালু!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের তিনচৌদিয়া গ্রামে পরিবেশ অধিদপ্তরের বন্ধ করে দেওয়া একটি ইটের ভাটা আবার চালু করা হয়েছে। ওই ইটভাটায় কাঠ দিয়ে প্রতিনিয়ত ইট পোড়ানো হচ্ছে। ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। পরিবেশদূষণের দায়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর গত অক্টোবরে ওই ভাটাটি বন্ধ করে দেয়।এলাকাবাসী জানান, বেতাগী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ২০০৫ সালের শুরুতে তিনচৌদিয়া গ্রামে পাহাড়ের ভেতর প্রায় ২৫ একর জমিতে কেএমআর নামক একটি ইটের ভাটা গড়ে তোলেন। জমির অধিকাংশই খাস, ভাটারও ছিল না কোনো অনুমোদন। ইট পোড়ানোর জন্য এই ভাটায় আশপাশের পাহাড়ের বৃক্ষ জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। এ বিষয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ দেয় স্থানীয় লোকজন। তদন্ত সাপেক্ষে পরিবেশদূষণের দায়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গত অক্টোবরে অভিযান চালিয়ে ইটের ভাটাটি বন্ধ করে দেন। কিন্তু জাহাঙ্গীর আলম ওই মামলায় জামিন পেয়ে নভেম্বরের মাঝামাঝি আবার ভাটা চালু করেন এবং উপজেলা ছাত্রলীগের সদস্য হায়দার আলী ও বেতাগী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী মাহাবুব আলমকে এই ব্যবসায় অংশীদার করেন।এ ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু আমার নয়, অনুমোদনহীন ইটের ভাটা আছে অনেক। কাঠ ছাড়া কোনো ইটের ভাটায় ইট পোড়ানো সম্ভব নয়। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও ইটের ভাটা বন্ধের ব্যাপারে কোনো নোটিশ দেননি আমাকে। এটি একটি ষড়যন্ত্র।’ চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব এ প্রসঙ্গে বলেন, ওই ইটের ভাটা আবার চালুর বিষয়টি তাঁদের নজরে এসেছে। সেটি বন্ধ রাখার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।