বন্ধ করে দেওয়া হলো সড়কের সংস্কারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগে কক্সবাজার-টেকনাফ সড়কের একটি স্থানে সংস্কারকাজ বন্ধ করে দিয়েছেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের থাইংখালী থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত ৪৩ কিলোমিটার অংশ সংস্কারের কাজ করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রজেক্ট বিল্ডার্স।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, বড় গর্তগুলো পাথর ও মাটি দিয়ে ভরাট করে কার্পেটিং করা হচ্ছিল। নির্দিষ্ট পরিমাণের চেয়ে অনেক কম বিটুমিন দেওয়া হচ্ছিল। এ ছাড়া সড়কে তিন ইঞ্চি প্রলেপ (কার্পেটিং) দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছিল এক থেকে দেড় ইঞ্চি। এ কারণে কাজ বন্ধ করে দিয়ে বিষয়টি সওজের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রজেক্ট বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক আল আমিন বলেন, ‘দুপুরে আমি খাওয়াদাওয়া করতে গেলে শ্রমিকেরা গর্ত পরিষ্কার না করে অল্প বিটুমিন দিয়ে সংস্কারকাজ করে। সড়ক উঁচুনিচু হওয়ায় প্রলেপ কোথাও কোথাও কমবেশি দেখা যাচ্ছে। এতে কোনো সমস্যা হবে না।’
সওজের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, সংস্কারকাজে অনিয়মের অভিযোগ পাওয়ার পর ঠিকাদারকে সতর্ক করা হয়েছে।