বন্ধ করে দেওয়া ১৪টি ইটভাটা ফের চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশে রংপুরের বদরগঞ্জে বন্ধ করে দেওয়া ১৪টি অবৈধ ইটভাটা আবার চালু করা হয়েছে। ২ এপ্রিল রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামের নেতৃত্বে আটজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য অভিযান চালিয়ে ওই ভাটাগুলো বন্ধ করে দেন।
জানা গেছে, উপজেলায় ৩৭টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটা নিয়মনীতি উপেক্ষা করে কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় গড়ে তোলায় এবং ভাটার কালো ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতির অভিযোগে ভাটাগুলো বন্ধের দাবিতে হাইকোর্টে লিখিত আবেদন করেন আইনজীবী ইকবাল হোসেন। বিচারপতি কাজী রেজাউল হক ও এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ১৮ মার্চ অনুমোদনবিহীন ইটভাটা বন্ধ ও আইন লঙ্ঘন করে গড়ে তোলা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২ এপ্রিল উপজেলার বিবিসি, আরআরবি, টিবিসি, বিবিএম, কেবিএল, এআরবিএল, পিবিএম, ইবিএল, আরবিএম, বিবিএল, কিং, আরবিএল-২, আরবিসি ও বিবিবি ইটভাটা প্রশাসন বন্ধ করে দেয়।
৩ এপ্রিল প্রথম আলোয় ‘বদরগঞ্জে ১৪টি ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন’ শিরোনামে সচিত্র একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশের বিপরীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একজন বিচারপতি ২ এপ্রিল স্থগিতাদেশ দিয়ে ১৭ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। এই সুযোগে বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো আবার চালু করা হয়েছে।
মধুপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের গোপেন চন্দ্র রায় (৪২) বলেন, ‘মধুপুরে আধা কিলোমিটারের মধ্যে নয়টি ইটভাটা রয়েছে। ভাটার কারণে এলাকার জমিতে লাগানো ধান প্রতিবছরই নষ্ট হচ্ছে। ভাটাগুলো বন্ধ করায় খুশি হয়েছিলাম। পুনরায় তা চালু করায় চিন্তিত হয়ে পড়েছি।’