বন্ধ করে দেওয়ার পরও মেলার নামে চলছে অশ্লীল নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসন বন্ধ করে দেওয়ার পরেও পটুয়াখালীর বাউফলে অবৈধ বৈশাখী মেলার নামে চলছে অশ্লীল নাচ, জুয়া ও পুতুলনাচ। পাশাপাশি প্রতিদিন রাতে অনুষ্ঠিত হয় ১০ টাকা মূল্যের লটারির ড্র।
গত মঙ্গলবার থেকে মেলার নামে এসব চলছে উপজেলার বগা বন্দর পুলিশ ক্যাম্প থেকে মাত্র ২০০ গজ দূরে বগা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আর এ মেলার আয়োজন করেন বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মালেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রশাসনের অনুমতি না থাকায় পটুয়াখালীর নির্বাহী হাকিম আহসান শরিফী গত বৃহস্পতিবার অবৈধ ওই মেলার সব কার্যক্রম বন্ধ করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাধারণ মানুষ না হয় সরকারদলীয় ক্যাডারদের ভয়ে প্রতিবাদ করতে পারছে না। কিন্তু এখন দেখছি যুবলীগ ও ছাত্রলীগের কাছে প্রশাসনও অসহায়।’ অভিযোগ রয়েছে, নির্বাহী হাকিম মেলার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিলেও আয়োজকেরা বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হাত করে মাইকে প্রচারণা চালিয়ে মেলা চালিয়ে যাচ্ছেন। বন্ধের পরও কীভাবে মেলা চলছে? এমন প্রশ্নের জবাবে যুবলীগ নেতা আবদুল মালেক বলেন, প্রশাসনের মৌখিক অনুমতি আছে। তবে মেলায় অশ্লীল নাচ হয় না ও জুয়ার আসর বসে না বলে তিনি দাবি করেন। অভিযোগ অস্বীকার করে ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘বৈশাখ উপলক্ষে নাগরদোলা কিংবা পুতুলনাচ নিয়ে যেসব মেলা বসে তার অনুমতি লাগে না। এসব মেলা গ্রামগঞ্জে বৈশাখ উপলক্ষে হয়ে থাকে।’
নির্বাহী হাকিম মেলা বন্ধ করার পরেও কীভাবে আবার চলছে? এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ডিসির মৌখিক নির্দেশ আছে। দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, ‘নির্বাহী হাকিম পাঠিয়ে গত বৃহস্পতিবার মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’