বন্ধ করে রাখা সার কারখানা চালুর দাবি শ্রমিক-কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবকটি বন্ধ সার কারখানা আবার চালু করাসহ পাঁচ দফা দাবিতে নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় শ্রমিক-কর্মচারীরা সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল সার কারখানা এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে কারখানা চত্বরে এ সমাবেশ হয়।সমাবেশে শ্রমিকেরা বলেন, ‘আমাদের এই দেশ কৃষিনির্ভর। যে বছর ফলন ভালো হয় সে বছর দেশ ভালো চলে। আর ভালো ফলনের জন্য সার উৎপাদনের বিকল্প নেই। এ অবস্থায় সরকার কারখানা স্থাপন না করে গ্যাসসংকটের অজুহাত দেখিয়ে লাভজনক কারখানাগুলো বন্ধ করে দিচ্ছে। গ্যাসসংকট ও বিদ্যুৎ উৎপাদনের কারণ দেখিয়ে ১ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয় নরসিংদীর ঘোড়াশাল, পলাশ, চট্টগ্রাম, যমুনা ইউরিয়া সার কারখানা ও চট্টগ্রাম টিএসপি কারখানা। এতে হাজার হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েন। কারখানাগুলো বন্ধ থাকলে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হবে। কারখানাগুলো আবার চালু করাসহ পাঁচ দফা দাবি পূরণ করতে হবে।ঘোড়াশাল সার কারখানার সিবিএ সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক এস এ মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুউদ্দিন খান, উপদেষ্টা সিরাজুল ইসলাম, ঘোড়াশাল সার কারখানার সিবিএ সাধারণ সম্পাদক বশীর উল্লাহ, দপ্তর সম্পাদক আখলাক হোসেন চৌধুরী, আবদুল মোতালিব, সেলিম ইকবাল প্রমুখ।