চট্টগ্রামের আনোয়ারার কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) ভেতরের বন্ধ হওয়া কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ-কেএসআই আজ রোববার খুলছে। গত বৃহস্পতিবার বেতনকাঠামো নিয়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষ হলে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে সংগঠিত কেইপিজেডের ঘটনায় গতকাল শনিবার একদিন বন্ধ থাকলেও আজ রোববার বন্ধ কারখানার বিভিন্ন ইউনিট খুলবে। ওই দিন বেতনকাঠামো নিয়ে কারখানার ভেতরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত ও ২০ জন
আহত হলে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। এ ঘটনায় কারখানায় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ও ঘটে।
এদিকে, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদে নিহত ও আহত শ্রমিকদের
ক্ষতিপূরণ দেওয়া, কারখানা খুলে দেওয়া ও বেতন-ভাতা নিয়ে বৈঠক হয়। এতে প্রশাসনের সঙ্গে কেইপিজেডের কর্মকর্তারাও ছিলেন।
কেইপিজেড সূত্র জানায়, নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থ ও কারখানা খুলে দেওয়া হবে। নিহত শ্রমিক পারভিনের পরিবারে ছয় লাখ ও আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কেইপিজেডের গণসংযোগ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, আজ (রোববার) বন্ধ কারখানার বিভিন্ন ইউনিট চালু করা হবে। বিষয়টি কারখানার শ্রমিকদের জানানো হয়েছে।