বন্ধ কারখানা চালুর দাবিতে বিকেএমইএ কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় অবস্থিত ‘ভিবজিওর ফ্যাশন লিমিটেড’ নামের বন্ধ থাকা একটি সোয়েটার কারখানা চালুর দাবিতে বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকেরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে প্রতিষ্ঠানটি খুলে না দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমিকনেতারা ২৪ আগস্ট সকাল আটটায় বন্ধ কারখানার সামনে অবস্থান কর্মসূচি এবং ২৫ আগস্ট বেলা ১১টায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।
বিকেএমইএর পরিচালক ও শ্রমিক-সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির লেবার অ্যাফেয়ার্স চেয়ারম্যান জি এম ফারুক জানান, ভিবজিওরের মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটিতে রপ্তানির আদেশ না থাকায় তাঁরা ঈদের পর থেকে কারখানা বন্ধ রেখেছেন। নতুন আদেশ পেলে আবারও চালু করবেন। তিনি শ্রমিকদের কোনো ধরনের ভাঙচুর, নৈরাজ্য না করে ধৈর্য ধরার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ জানান, ভিবজিওর প্রতিষ্ঠানের মালিকপক্ষ লে-অফ ঘোষণার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিলেও শনিবারের মধ্যে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।