বন্ধ কারখানার বকেয়া বেতন পাঁচ মাস পর পরিশোধ
দীর্ঘ পাঁচ মাস পর গতকাল সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের সস্তাপুর এলাকার লে-অফ (বন্ধ) ঘোষিত একটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া চার মাসের বেতন দিয়েছে কর্তৃপক্ষ। তবে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যে পাওনা ছিল, তা দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
কয়েকজন শ্রমিক জানান, সস্তাপুর এলাকায় রেডিক্যাল ডিজাইন নামের একটি পোশাক কারখানা আছে। ওই কারখানার মালিক কানাডার এক নাগরিক। এ কারখানায় সাড়ে আট শ শ্রমিক কাজ করতেন। গত মার্চ মাসে লে-অফের নোটিশ দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। লে-অফ ঘোষণার ৪৫ দিন পর দ্বিতীয় দফায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিঠি দেওয়ার নিয়ম থাকলেও মালিক সেই নিয়ম মানেননি। এ নিয়ে গত পাঁচ মাস শ্রমিকেরা অনেক আন্দোলন করেছেন। বকেয়া বেতনের দাবিতে গত মাস থেকে শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে প্রতিষ্ঠানের ভবনে এসে বসবাস শুরু করেন।
শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করায় একটি শ্রমিক সংগঠন থেকে আপত্তি জানানো হলেও তা আমলে নেয়নি কারখানা কর্তৃপক্ষ। ফেডারেশন অব ইউনাইটেড গার্মেন্ট ওয়ার্কার্স নামের ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউসার আহমেদ অভিযোগ করেন, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিকেএমইএ) নেতা ও পুলিশের উপস্থিতিতে কর্তৃপক্ষ স্বেচ্ছায় অব্যাহতিপত্রে জোরপূর্বক সই রেখে শ্রমিকদের চার মাসের বকেয়া বেতন পরিশোধ করে। অথচ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অন্যান্য পাওনা (আনুতোষিকসহ অনেক পাওনা) থেকে বঞ্চিত করা হয়েছে।
ওই পোশাক কারখানার পলি নামের এক শ্রমিক অভিযোগ করেন, মালিকের লোকজন স্বেচ্ছায় অব্যাহতি লেখা একটি পত্রে সই রেখে টাকা দিয়েছে।
বিকেএমইএর পরিচালক ও লেবার স্ট্যান্ডিং কমিটির সভাপতি জি এম ফারুক বলেন, ‘প্রতিষ্ঠানটি নিয়ে বেশ কয়েক মাস ধরে মালিক-শ্রমিক ঝামেলা চলছিল। একটু দেরিতে হলেও সমঝোতার মাধ্যমে আমরা ঈদুল ফিতরের আগে অন্তত শ্রমিকদের বকেয়া বেতন তাঁদের হাতে তুলে দিতে পেরেছি।’