বন্ধ খাবার দোকান, বিপণিকেন্দ্র, খাঁ খাঁ করছে নগরের পথঘাট
বেলা ১১টা। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়ক। প্রতিদিনের চেহারার সঙ্গে মেলানো যাচ্ছে না কিছুতেই। যানজট যেখানে ছিল নিত্যসঙ্গী, সেই সড়কে দেখা গেল বেশ কয়েকটি যাত্রীবাহী ব্যাটারি রিকশার দাপট। দু-একটি সিএনজি অটোরিকশা। আর অনেক সময়ের বিরতির পরে কদাচিৎ দেখা যাচ্ছে বাস, হিউম্যান হলার এবং ম্যাক্সি। তাও প্রায় যাত্রীশূন্য।
তিন দিনের সরকারি ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার অফিস-আদালত খুলেছে। কিন্তু ঈদের আমেজ কাটেনি। কারণ, মানুষজন ছুটি শেষে এখনো শহরে ফেরেনি তা বেশ বোঝা যাচ্ছিল।
সকাল থেকে নগরের পথঘাট খাঁ খাঁ করছে। বন্ধ হোটেল-রেস্তোরাঁ আর বড় বড় বিপণিকেন্দ্র। জানা গেছে, এসব ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীরা কমবেশি প্রায় এক সপ্তাহ ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন।
হোটেল বন্ধ থাকায় এগুলোর সামনে ভ্রাম্যমাণ চা-নাশতার দোকানে চলছে বেচাকেনা। বিভিন্ন অফিসের লোকজন সেখানেই খাওয়া-দাওয়া সারছেন।
নগরের চকবাজার, জামালখান, কাজীর দেউরি, মেহেদীবাগ, জিইসি মোড়, মুরাদপুর, লালখানবাজার, টাইগারপাস মোড়, আগ্রাবাদ বাদামতলী মোড়, বারেক বিল্ডিং, বড় পোল, পোর্ট কানেকটিং রোডের মতো ব্যস্ত সড়কে দেখা গেছে সুনসান নীরবতা।
কদমতলী, মনসুরাবাদ, ঢাকা ট্রাংক রোডের আশপাশের সড়কে সারি বেঁধে দাঁড়ানো ছিল ট্রাক, কাভার্ড ভ্যান। এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমীর পারভেজ প্রথম আলোকে বলেন, ‘ঈদে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের স্বার্থে পুলিশ প্রশাসনের অনুরোধে আমরা ঈদের আগের তিন দিন থেকে ট্রাক চলাচল বন্ধ রেখেছি। ঈদের দুদিন পরে শুক্রবার থেকে আবার চলাচল শুরু হচ্ছে।’
বেলা একটায় নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, ফুটপাতের জুতো, জামাকাপড়ের কয়েকটি দোকান খুলে বসেছেন কয়েকজন দোকানি। যদিও ক্রেতার দেখা নেই সেখানে। আলী হোসেন নামের এক দোকানি জানান, ‘এবার ঈদে বেচাকেনা তেমন ভালো হয়নি। তাই বেকার হয়ে ঘরে বসে না থেকে দোকান খুলেছি।’
এলাকায় জুবিলী রোড ধরে চলাচলকারী কয়েকটি বাস ও হিউম্যান হলার দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। স্টেশন রোডের ফুটপাতের সিডির দোকানিরা সবাই দোকান খুলে বসেছেন। ফুটপাতের খাবার দোকানগুলোতে রান্না চলছে। সাজিয়ে রাখা হয়েছে শিঙাড়া, নুডলস প্রভৃতি।
বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনের ফলমুন্ডির কয়েকটি দোকান খুললেও ক্রেতা ছিল না। এখানকার বিভিন্ন বাসের কাউন্টারগুলোও ছিল ফাঁকা। হানিফ কাউন্টারের ব্যবস্থাপক এস এম রানা বলেন, ‘এখন আমাদের চাপ কম, সড়ক-মহাসড়কও প্রায় ফাঁকা। আগামী শনি ও রোববার থেকে আবার চাপ বাড়বে। কারণ বেশির ভাগ ঘরমুখো যাত্রী তখন কর্মস্থলে ফিরবেন।’
বেলা পৌনে দুইটা। নগরের জুবিলী রোডের পুরোনো বিমান অফিসের সামনে আসামাত্রই হঠাৎ গোমড়ামুখো আকাশ থেকে বৃষ্টি ঝরা শুরু হলো। কিন্তু বৃষ্টি আড়াল করার জন্য কোনো ছোটাছুটি চোখে পড়েনি এই ফাঁকা নগরে। শুধু সড়কে খালি কয়েকটি ব্যাটারি রিকশা ছুটছিল ভাড়ার খোঁজে। রিকশাচালক উমেদ আলী বললেন, ‘ ঈদের দিন ও এর পরের দিন যা ভাড়া পেয়েছি আজ (বৃহস্পতিবার) সে তুলনায় ভাড়া একেবারেই কম। মানুষজন নাই। সকাল থেকে মাত্র দুটি ভাড়া পেয়েছি। তাও স্বাভাবিকের চেয়েও কম ভাড়া। কারণ তা না হলে সেটাও হাতছাড়া হয়ে যাবে।’