বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি
বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে সংগঠন দুটি বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, দমন-পীড়ন চালিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। তাঁরা আরও বলেন, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, আমার দেশ পত্রিকা খুলে দেওয়া এবং মাহমুদুর রহমানের মুক্তি সাংবাদিকদের লক্ষ্য। সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বন্ধ গণমাধ্যম খুলে না দেওয়া পর্যন্ত সাংবাদিকেরা মাঠ ছাড়বেন না।
শুক্রবার দিবাগত রাতে বিএনপি কার্যালয়ে চালানো পুলিশের অভিযানকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে বক্তারা বলেন, এটা পাকিস্তানি স্বৈরাচারী আচরণকেও হার মানিয়েছে।
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খোন্দকার মাহবুব হোসেন, বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, বিএফইউজের সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, সম্মিলিত পেশাজীবী ফোরামের সভাপতি এ এফ এম সোলাইমান চৌধুরী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব ডা. রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি।