বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি সাংবাদিক নেতাদের
সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ দাবি জানায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতাদের একাংশ।
‘বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও সাংবাদিক নির্যাতন বন্ধে’র দাবিতে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। তিনি বলেন, ধারাবাহিকভাবে দেশে সাংবাদিক নির্যাতন চলছে। মত প্রকাশের স্বাধীনতা আজ রুদ্ধ। টক শোগুলোও নিয়ন্ত্রণ করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। তিনি দ্রুতআমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেওয়ার জোর দাবি জানান। ডিইউজের এরফানুল হকের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।