বন্ধ গণমাধ্যম খুলে না দিলে কঠোর কর্মসূচি: রুহুল আমিন গাজী
বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের টনক না নড়লে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচিতে তিনি এই হুমকি দেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ‘দৈনিক আমার দেশ’, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ান, যমুনা টেলিভিশন, শীর্ষ নিউজ বন্ধের প্রতিবাদে এবং মাহমুদুর রহমানের মুক্তি ও সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
রুহুল আমিন গাজী বলেন, সরকার সাংবাদিকদের ন্যায্য দাবি না মানলে প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে রাস্তায় সভা-সমাবেশ, সচিবালয় ঘেরাও ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি দেওয়া হবে।
বিএফইউজের একাংশের সভাপতি আরও বলেন, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আর গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পেলে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে রুহুল আমিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা শহরে সভা-সমাবেশ নিষিদ্ধ ও বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করতে পারেন। কিন্তু তিনি সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার করতে পারেন না। এ সময় তিনি দ্রুত মাহমুদুর রহমানকে মুক্তি, ‘আমার দেশ’ পত্রিকার ছাপাখানাসহ সব বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারের জোর দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক বাকের হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।