বন্ধ গণমাধ্যম খোলার দাবি ডিইউজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ গণমাধ্যম চালু ও সাংবাদিক ইউনিয়নের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল শুক্রবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু ও সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকটি সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে যাওয়ায় বহু সাংবাদিক বেকার হয়ে পরিবার নিয়ে এক দুর্বিষহ জীবন যাপন করছেন। কোথাও কোথাও সাংবাদিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুতও করা হয়েছে। সাংবাদিকদের জীবন-জীবিকা রক্ষায় বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার বিকল্প নেই।
সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে বিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের ঐক্য এখন সময়ের দাবি উল্লেখ করে বিবৃতিতে অবিলম্বে দুই ইউনিয়নের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বন্ধ গণমাধ্যম চালু ও বিভক্ত সাংবাদিক ইউনিয়নের ঐক্যের দাবিতে আগামীকাল রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠেয় ঢাকা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধনে ডিইউজের সব সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিজ্ঞপ্তি।