বন্ধ ঘোষণার পরও ক্যাম্পাস না ছেড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ কলেজ ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করলেও ক্যাম্পাস না ছেড়ে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার মিছিল ও মানববন্ধন করেছেন। তবে কর্তৃপক্ষ গতকাল সকালে ছাত্রীদের জোর করে ছাত্রীনিবাস থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল দুপুর ১২টার দিকে ছাত্রছাত্রীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবদুল হামিদ সড়কে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা অতিরিক্ত ফি আদায়, ক্যাম্পাসে গরুর খামার তৈরি, শিক্ষকদের বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষাদান, কলেজ কর্তৃপক্ষের দুর্নীতি ও ছাত্রীদের জোর করে ছাত্রীনিবাস থেকে বের করে দেওয়ার প্রতিবাদ জানান।শিক্ষার্থীরা জানান, দাবি না মেনে কর্তৃপক্ষ কলেজ ছুটির ঘোষণা দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাঁরা ক্যাম্পাস ছাড়বেন না।এদিকে ছাত্রীরা জানান, ভোর সাড়ে ছয়টার দিকে কলেজ কর্তৃপক্ষ তাঁদের ছাত্রীনিবাস থেকে বের হয়ে যেতে বলেন। তাঁরা বের হতে না চাইলে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। পরে তাঁরা বাধ্য হয়ে ছাত্রীনিবাস ছেড়ে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ক্যাম্পাসেই থাকবেন বলে জানান।তবে ছাত্রীনিবাসের সুপার ইসমত আরা জানান, ছাত্রীদের জোর করে বের করে দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী তাঁরা ছাত্রীনিবাস ত্যাগ করার পর কর্তৃপক্ষ তালা লাগিয়ে দিয়েছে।কলেজ অধ্যক্ষ মো. বাসেদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, ‘আমি কলেজের কাজে ঢাকায় ছিলাম। পাবনার উদ্দেশে রওনা হয়েছি। কলেজে পৌঁছে ছাত্রছাত্রীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেব।’সুযোগ-সুবিধা না বাড়িয়ে সেশন ফি বৃদ্ধি ও প্রয়োজনীয় বিষয় চালু না করার প্রতিবাদে গত বুধবার থেকে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেন এবং শিক্ষকদের প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ১০ দিনের জন্য কলেজ ছুটির ঘোষণা দেয়।