রাঙামাটির বরকল উপজেলায় ব্যবসায়ী মো. হারুন হত্যার প্রতিবাদে ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, বাঙালি ছাত্র পরিষদ এবং স্থানীয় ব্যবসায়ীরা এই হরতাল ডেকেছেন। গতকাল ছিল সমঅধিকার আন্দোলন ও বাঙালি ছাত্র পরিষদের হরতাল। আজ বৃহস্পতিবার হরতাল পালন করবেন স্থানীয় ব্যবসায়ীরা।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার সুবলং, বরকল, ভূষণছড়া ও হরিণা বাজারে দোকানপাট খোলেনি। উপজেলা সদরে বিভিন্ন সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। উপজেলায় নৌযান চলাচল করেনি। বরকলের সুবলং হয়ে রাঙামাটি, জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় চলাচলকারী নৌযানগুলোকে সুবলং এলাকায় আটকে রাখায় কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহায়।হারুন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ভূষণছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সমর বিজয় চাকমাকে আটক করেছে পুলিশ। সমরের স্ত্রী গোপাদেবী চাকমা তাঁর স্বামী নির্দোষ বলে দাবি করেন।