বন্ধ টেক্সটাইল মিল চালুর দাবিতে আন্দোলনে নামার হুমকি শ্রমিক নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আলোচনা সভায় উপস্থিত বক্তারা
ছবি: প্রথম আলো

রাষ্ট্রায়ত্ত খাত রক্ষা আন্দোলনে ১৯৯৪ সালে ১৭ জন শ্রমিককে হত্যা করা হয়েছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা দিয়েছিলেন। এর বাইরে পরিবারগুলোকে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ১৭ জন শ্রমিক হত্যার স্মরণে ‘শ্রমিক হত্যা দিবসের’ আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় বন্ধ করা পাট, সুতা, বস্ত্রকল অটো মেশিনসহ উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে আধুনিকায়ন করে চালু করে চাকরিচ্যুতদের মধ্যে কর্মক্ষম শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার দাবি জানান শ্রমিক নেতারা। সরকারি অধিগ্রহণ করা, হস্তান্তরিত ও ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রশিল্প শ্রমিকদের আইনসম্মত বকেয়া পাওনা পরিশোধ করারও দাবি ওঠে আলোচনা সভায়। অপর দিকে ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রশিল্পশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ডের রোয়েদাদ প্রকাশ করে দ্রুত বাস্তবায়ন, শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু এবং শ্রমিক-কর্মচারীদের জীবনমানের উন্নতি নিশ্চিত করার দাবি জানান শ্রমিক নেতারা।

সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মছিউদদৌল্লা বলেন, ‘টেক্সটাইল মিল লাভজনক ছিল। অথচ লোকসানের অজুহাতে মিলগুলো বন্ধ করে দেওয়া হয়। বিরাষ্ট্রীকরণের সুফলের কথা বলা হলেও তা হয়নি। সব সময় শ্রমিক নেতাদের দোষ দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো শ্রমিক নেতার বিরুদ্ধে কোনো সরকারই কিছু প্রমাণ করতে পারেনি।’

মছিউদদৌল্লা আরও বলেন, ‘বিভিন্ন বন্ধ কলে কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এ শিল্পকে চালু করার জন্য আবার রাজপথে আন্দোলনে নামতে হবে।’

সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন পরিষদের যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান, জেড এম কামরুল আনাম, সিরাজুল ইসলাম, মনোয়ার হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন আসলাম খান।