বন্ধ ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ
রংপুর থেকে দিবাকালীন আন্তনগর ট্রেনসহ ১২টি বন্ধ ট্রেন চালু এবং ঢাকাগামী রাত্রীকালীন রংপুর এক্সপ্রেস ট্রেন আধুনিকায়নের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
৩০ নভেম্বরের মধ্যে এসব দাবি প্রসঙ্গে সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া না হলে আগামী ৪ ডিসেম্বর রংপুর রেলওয়ে স্টেশনে দিনব্যাপী অবস্থান ও অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রংপুর প্রেসক্লাবের সামনে থেকে গতকাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শহরের কাচারিবাজারে বিভাগীয় ডাকঘরের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
সমাবেশে আয়োজক সংগঠনের আহ্বায়ক ওয়াদুদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের শাহীনুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম।
সমাবেশে রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন আন্তনগর ট্রেন চালু, একমাত্র নৈশ ট্রেন রংপুর এক্সপ্রেসের আধুনিকায়ন এবং বিভিন্ন রুটে ১২টি বন্ধ ট্রেন চালু করে যাত্রীসেবার মানোন্নয়নের দাবি জানানো হয়।
দুপুরে রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে এসব দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী বরাবর পাঠানো হয়।