বন্ধ তিন বছর, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মোরগ-মুরগির প্রতিপালন কেন্দ্রটি তিন বছর ধরে বন্ধ। এতে কেন্দ্রটির প্রায় দুই কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। কেন্দ্রে কর্মরত ছয়জন কর্মচারীর কোনো কাজ নেই।
প্রতিপালন কেন্দ্রের কার্যালয় সূত্রে জানা যায়, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় এক কোটি টাকা ব্যয়ে রসুলপুর এলাকায় তিন একর জমির ওপর ১৯৮৫ সালে মোরগ-মুরগির প্রতিপালন কেন্দ্রেটি তৈরি হয়। পরের বছর এর কার্যক্রম শুরু হয়। যশোর সরকারি মুরগির হ্যাচারি থেকে এক দিনের মুরগির বাচ্চা এনে দুই মাস পালন করে এখান থেকে স্বল্পমূল্যে বিক্রি করা হতো। ২০১১ সাল থেকে কেন্দ্রটিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে ওই কেন্দ্রে নষ্ট হয়ে যাচ্ছে এক কোটি টাকা মূল্যের চারটি ইনকিউবেটর মেশিন। এ ছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন দুটি জেনারেটর, একটি শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র (এসি), একটি রেফ্রিজারেটর, একটি সৌরবিদ্যুৎ প্যানেলসহ এক কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে তিনটি ব্যারাক, একটি গুদামঘর, মুরগি পালনের একটি শেড ও একটি অফিসঘর।
এ কেন্দ্রে এখন দুজন তৃতীয় শ্রেণির ও চারজন চতুর্থ শ্রেণির কর্মচারী আছেন। কোনো কাজ না করেই চার বছর ধরে তাঁরা প্রতি মাসে ৪৮ হাজার ৬৬৯ টাকা বেতন নিচ্ছেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সাতক্ষীরা মোরগ-মুরগি প্রতিপালন কেন্দ্রের ভারপ্রাপ্ত পোলট্রি উন্নয়ন কর্মকর্তা বিপ্লবজিৎ কর্মকার বলেন, ২০১১ সালে যশোর সরকারি মুরগির হ্যাচারি থেকে এক দিনের মুরগির বাচ্চা সরবরাহ বন্ধ হয়ে যায়। সাতক্ষীরার কেন্দ্রটিও সেই থেকে বন্ধ। তবে দ্রুত কেন্দ্রটি আবার চালু হবে বলে জানান তিনি।
শহরের পুরাতন সাতক্ষীরার ফজলুর রহমান, আবদুল মান্নান; মিলবাজার এলাকার কুনু বিশ্বাস, দায়াল সাধু ও বাঁকাল এলাকার আজাদ হোসেন জানান, তাঁরা মুরগির খামার তৈরির পর সরকারি মোরগ-মুরগির কেন্দ্র থেকে স্বল্পমূল্যে উন্নত জাতের বাচ্চা পেতেন। কিন্তু কোনো কারণ ছাড়াই কেন্দ্রটি বন্ধ করে দেওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। বেশি দাম দিয়ে মুরগির বাচ্চা ও খাবার কিনতে গিয়ে অনেকে লোকসানে পড়ে খামার বন্ধ করে দিয়েছেন।