বন্ধ থাকা ছাত্রাবাস দুটি আজ খুলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জের ধরে বন্ধ থাকা শাহ আমানত ও সোহরাওয়ার্দী ছাত্রাবাস আজ শনিবার থেকে বৈধ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও খুলছে না। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষা কয়েক দফা পেছাতে হয়েছে। আজও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে। তাই বিশৃঙ্খলা এড়াতে পূর্বনির্ধারিত দিনে ছাত্রাবাস দুটি খুলে দেওয়া হচ্ছে না। তবে ছাত্রাবাস দুটি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির সচিব সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা সঠিক সময়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারিনি। এ কারণে ৮ নভেম্বর সকাল থেকে ছাত্রাবাস দুটি খোলার কথা থাকলেও খুলে দিতে পারছি না আমরা। তবে ছাত্রাবাস দুটি খুলে দিতে আমরা প্রক্রিয়া শুরু করে দিয়েছি। শিগগিরই বৈধ শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস দুটি উন্মুক্ত করে দেওয়া হবে।’
ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে চলতি বছরের ১২ জানুয়ারি শাহ আমানত ছাত্রাবাস ও ২৪ আগস্ট সোহরাওয়ার্দী ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এই ছাত্রাবাস দুটি খুলে দিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার দাবিতে ৩১ আগস্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্মঘট ও অবরোধের ডাক দেওয়া হয়। এই কর্মসূচি চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ককটেল-পেট্রলবোমা নিক্ষেপসহ নানা ধরনের নৈরাজ্য চালানো হয়।
এদিকে গত ২৫ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৮ নভেম্বর সকাল থেকে ছাত্রাবাস দুটিতে বৈধ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘোষণার পরপরই কর্মসূচি স্থগিত করে ‘ছাত্রশিবির’।