চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জের ধরে বন্ধ থাকা শাহ আমানত ও সোহরাওয়ার্দী ছাত্রাবাস বৈধ শিক্ষার্থীদের জন্য আগামী ৮ নভেম্বর সকালে খুলে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত জানার পরপরই গতকাল শনিবার থেকে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে ‘ছাত্রশিবির’।
দুটি ছাত্রাবাস খুলে দিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করছিল তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও শিক্ষা কার্যক্রম সচল রাখতে ছাত্রাবাস দুটি খুলে দিতে দাবি উত্থাপন করে। এর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানাল।
এর মধ্যে গত ১২ জানুয়ারি শাহ আমানত ছাত্রাবাসের ভেতরে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছাত্রশিবিরের এক নেতা নিহত হওয়ার জের ধরে এবং গত ২৪ আগস্ট দুটি ছাত্রসংগঠনের সংঘর্ষের জের ধরে সোহরাওয়ার্দী ছাত্রাবাস সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির সদস্যসচিব সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতে সাময়িকভাবে বন্ধ থাকা ছাত্রাবাস দুটি আগামী ৮ নভেম্বর থেকে বৈধ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।’
সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করতে অনুরোধও করেন প্রক্টর।
এদিকে আশিকুর রহমান, সাদ্দাম হোসাইন, শাহাদাত হোসাইন, এরশাদুল হক ও শাহাদাত শিপন স্বাক্ষরিত ‘আবাসিক ছাত্র আন্দোলন’-এর ব্যানারে একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মেইলে এসেছে। এতে ২৫ অক্টোবর (গতকাল) থেকে অবরোধ স্থগিতের কথা বলা হয়েছে, পাশাপাশি ছাত্রাবাস খুলে দিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানানো হয়। তবে উল্লিখিত তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুমকিও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।