বন্ধ নিউজ পোর্টাল-সংবাদমাধ্যম খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ, শীর্ষ নিউজসহ ৩৫টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। সমাবেশে বক্তারা এসব নিউজ পোর্টালসহ বন্ধ অন্য সংবাদমাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানান। এ ছাড়া মাহমুদুর রহমান ও শফিক রেহমানের মুক্তির দাবি করা হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, বাংলাদেশের প্রধান সংবাদমাধ্যমগুলো এখন বন্ধ। তিনি অভিযোগ করেন, সরকার সবকিছুই বন্ধ করে দিতে চায়। কোনো নাগরিক এখন নির্ভয়ে কিছু বলতে পারে না। এমন অবস্থায় আন্দোলন করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে হবে। এ সময় সব বন্ধ সংবাদমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান তিনি।

বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী অভিযোগ করেন, বাংলাদেশে এখন একদলীয় শাসনব্যবস্থা চালু আছে। ভিন্নমতের সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদ পৃথিবীতে টিকতে পারেনি, বাংলাদেশেও পারবে না। এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, পুরো দেশের গণমাধ্যম এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জনপ্রিয় গণমাধ্যমগুলোর কণ্ঠরোধ করা হচ্ছে। তিনি আরও বলেন, যাঁরা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে পারেনি, নবম ওয়েজবোর্ড ঘোষণা করতে পারেনি, তাঁরা সাংবাদিকদের বন্ধু হতে পারে না।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সাংবাদিক কাদের গণি চৌধুরী, আবুল কালাম মানিক, কামাল ফরিদ প্রমুখ। উপস্থিত ছিলেন বিএফইউজের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ্, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এরফানুল হক, আমার দেশ-এর সাংবাদিক নাসির উদ্দিন শরীফসহ দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।