বন্ধ পাটকল চালুর দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বন্ধ বেসরকারি পাটকল এজাক্স জুট মিল ও মহসেন চালু এবং আংশিক বন্ধ সোনালী ও আফিল জুট মিল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। তাঁরা বকেয়া বেতন পরিশোধ ও বিদ্যুৎ-সংযোগ পুনঃস্থাপনেরও দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে এক ঘণ্টা নগরের ফুলবাড়ী গেটে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ফুলবাড়ী গেটের দুই পাশের আটরা-গিলাতলা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাইপাস সড়ক খোলা থাকায় শ্রমিকদের সড়ক অবরোধেও যান চলাচলে তেমন সমস্যা হয়নি বলে জানিয়েছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ২০১৩ সালে নতুন মজুরিকাঠামো গঠন করা হলেও মালিকেরা তা বাস্তবায়ন না করায় শ্রমিকেরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। পাট কেনা বন্ধ করে দিয়ে মালিকপক্ষ মিলগুলো বন্ধ করে দিচ্ছে।