বন্ধ পোশাক কারখানা খুলে দিতে মহিউদ্দিনের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের নির্দেশে বন্ধ হওয়া পোশাক কারখানা খুলে দিতে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্যথায় জীবন দিয়ে হলেও পোশাক কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গতকাল সোমবার নগরের ওয়াসা মোড়ে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। ‘দেশি ও আন্তর্জাতিক চক্রান্তে এ দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার’ প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা কাউন্সিলর আফরোজা কালাম।
সমাবেশে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নেন। এ সমাবেশে নগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশের সময় ওয়াসা মোড়ে যানজট তৈরি হয়।
সম্প্রতি অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে কারখানার কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ায় চট্টগ্রামে সাতটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়। সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকেরা বেকার হয়ে পড়ছেন।’ সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করতে আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে অন্তত এক বছর সময় দিতে হবে। বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকেরা যাবে কোথায়? প্রশ্ন করেন তিনি।
সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল হক, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, শ্রমিকদের পক্ষ থেকে মিনু দাশ প্রমুখ।