বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে অনশন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শিবু মার্কেট এলাকার মোতালেব মনোয়ারা কম্পোজিট গার্মেন্টস নামের পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিকেএমইএ কার্যালয়ের সামনে অনশন করেছেন শ্রমিকেরা। সম্প্রতি শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।গতকাল রোববার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক মাহমুদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহাবুবুর রহমান ও বিপ্লবী শ্রমিক সংহতির নেতা আবু হাসান। অনশনে কারখানার কয়েক শ শ্রমিক উপস্থিত ছিলেন।কর্মসূচিতে বক্তারা অবিলম্বে কারখানা চালু এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বলেন, তা না হলে সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেওয়া হবে।গত বুধবার মোতালেব মনোয়ারা কম্পোজিট গার্মেন্টসে শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের ১০ জন সদস্যসহ অর্ধশত ব্যক্তি আহত হন। পরে বৃহস্পতিবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে।