বন্ধ পোশাক কারখানা চালুর দাবি বিভিন্ন সংগঠনের
আশুলিয়া ও কাঁচপুরে বন্ধ ঘোষণা করা পোশাক কারখানা অবিলম্বে চালু করার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন। গতকাল সোমবার সভা-সমাবেশ করে ও বিবৃতি দিয়ে এই দাবি জানানো হয়েছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) গতকাল তোপখানা রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা করে। সভায় নেতারা শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে যৌক্তিক আখ্যায়িত করে অবিলম্বে দাবি মেনে নেওয়া এবং কারখানা খুলে দেওয়ার দাবি জানান। তাঁরা পোশাক কারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেওয়ারও দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন আবদুল মতিন মাস্টার, জাফরুল হাসান, ওয়াজেদুল ইসলাম খান, রাজেকুজ্জামান রতন প্রমুখ।আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে শ্রমিকদের ওপর চড়াও না হয়ে তাঁদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শ্রমিকদেরও ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়েছে আসক। কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে যেসব সংগঠন কর্মসূচি পালন করেছে বা বিবৃতি দিয়েছে সেগুলো হচ্ছে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা আন্দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, জাতীয় গণফ্রন্ট, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, শ্রমিক জোট বাংলাদেশ, জনমুক্তি পার্টি।