বন্ধ বরেন্দ্র জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ আর হরতালের কারণে প্রায় এক মাস ধরে বন্ধ আছে বরেন্দ্র জাদুঘর। দেশের একমাত্র গবেষণা জাদুঘরটি বন্ধ থাকায় পরিদর্শন ও গবেষণাকাজ ব্যাহত হচ্ছে। বিপাকে পড়ছেন বিদেশ থেকে আসা পরিদর্শনকারীরা।
জানুয়ারি মাসের শুরু থেকেই জাদুঘরের প্রধান ফটক খোলা যাচ্ছে না। জাদুঘরের মোড়ে প্রায়ই ভাঙচুরের মতো সহিংস ঘটনা ঘটছে। এ কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে কর্তৃপক্ষ জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জাদুঘর সূত্রে জানা গেছে, ১৯১০ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই জাদুঘরের প্রত্নসামগ্রীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া গবেষণার জন্য সমৃদ্ধ এই জাদুঘরে হস্তলিখিত প্রায় পাঁচ হাজার পুঁথিসহ বাংলার পাল আমল, সেন, মৌর্য, মুসলিম, ব্রিটিশ আমলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক সম্পদের নমুনা আছে। সেই সঙ্গে আছে প্রাগৈতিহাসিক সিন্ধুসভ্যতা, মহাস্থান, নালন্দা ও পাহাড়পুরের বহু নিদর্শন, প্রাক-ইসলািম যুগের শিলালিপি, মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, দলিল, ফরমান ইত্যাদি।
২ ফেব্রুয়ারি জাদুঘরের কাছে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের কাছে দুজন নিরাপত্তাকর্মী দাঁড়িয়ে আছেন। তাঁদের একজন বলেন, অবরোধ শুরু হওয়ার পর থেকে জাদুঘরে বহিরাগত ব্যক্তিদের পরিদর্শন ও গবেষণাকাজ—সবই বন্ধ রয়েছে। কর্মকর্তারাও সকালে এসেছিলেন। হরতালের কারণে তাঁরা আবার চলে গেছেন। এ ছাড়া ১ ফেব্রুয়ারি জার্মানি ও যুক্তরাজ্য থেকে দুজন গবেষক জাদুঘর পরিদর্শনে এসেছিলেন। তাঁরা সরাসরি জাদুঘর পরিদর্শন করতে পারেননি। যুক্তরাজ্য থেকে আসা গবেষককে পরিচালকের মাধ্যমে জাদুঘরের পেছনের দরজা খুলে দেখানো হয়েছে।
এদিকে পরিদর্শনকারীরা প্রতিদিনই জাদুঘর পরিদর্শনে এসে ফিরে যাচ্ছেন। এ ছাড়া যাঁরা জাদুঘরের পাঠাগারে নিয়মিত পড়াশোনা করেন, তাঁরাও আর ভেতরে ঢুকতে পারছেন না।
জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক সুলতান আহমদ প্রথম আলোকে বলেন, জাদুঘরের নিরাপত্তার কথা চিন্তা করে প্রধান ফটক একেবারেই বন্ধ রাখা হয়েছে। এতে করে গবেষণা ও পরিদর্শনকাজ ব্যাহত হলেও কিছু করার নেই। কারণ, পরিদর্শনকারী হিসেবে কোনো দুষ্কৃতকারী ভেতরে ঢুকে গ্যালারিতে ভাঙচুর করলে কিছুই করার থাকবে না।