বন্ধ বিদ্যালয়ের হঠাৎ স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শিক্ষকেরা যোগ দিয়েছেন অন্য কর্মস্থলে। স্কুলঘরটিও পরিত্যক্ত। তার পরও একাডেমিক স্বীকৃতি (পাঠদান ও পরীক্ষা দেওয়ার অনুমতি) পেয়েছে তথাকথিত শিক্ষাপ্রতিষ্ঠানটি। এটি রাজশাহীর বাগমারার লাউপাড়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়।বিদ্যালয়টি হঠাৎ স্বীকৃতি পাওয়ায় উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারাও বিস্মিত। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তদবির করে এই স্বীকৃতি আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক আহাদুল ইসলাম জানান, তিনি দুই বছর চাকরি করেছেন। পরে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় কিছুদিন বেকার ছিলেন। গত বছর আরেকটি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি নিয়েছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারার গণিপুর ইউনিয়নের লাউপাড়ায় ২০০০ সালে লাউপাড়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়। ২০০৩ সালে অবকাঠামো নির্মাণ করা হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। এরপর কিছু শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। কয়েকজন ছাত্রী নিয়ে পাঠদান শুরু হলেও তা বেশি দিন টেকেনি। ছাত্রীসংকট ও স্বীকৃতি পাওয়া যাবে না—মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আভাস পেয়ে বিদ্যালয়টিতে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীরা অন্য কর্মস্থলে চলে যান। কর্তৃপক্ষ ২০০৭ সালে বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেয়। সেই থেকে এটি বন্ধ ও পরিত্যক্ত। এদিকে ক্ষমতাসীন দলের স্থানীয় একটি পক্ষ বন্ধ বিদ্যালয় সচল দেখিয়ে স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একাডেমিক স্বীকৃতিসংক্রান্ত একটি চিঠি উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে পৌঁছায়। যদিও পত্রে বলা হয়েছে, ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য স্বীকৃতির অনুমতি দেওয়া হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাঁর আত্মীয়দের চাকরি দেওয়ার জন্য বন্ধ বিদ্যালয়টি সচল দেখিয়ে একাডেমিক স্বীকৃতি নিয়েছেন। তাঁরা প্রশ্ন তোলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি যদি ২০০৪ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে, তাহলে সেই-সংক্রান্ত চিঠি কেন সাত বছর পর এল? তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, এলাকার বেকার ছেলেদের চাকরি দেওয়া হবে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ২১ সেপ্টেম্বর বিদ্যালয়টির একাডেমিক স্বীকৃতির চিঠি তাঁরা পেয়েছেন। আগে তাঁরা কোনো চিঠি পাননি। ২০০৮ সালের পর থেকে ওই বিদ্যালয়ের কোনো তথ্য তাঁর দপ্তরে সরবরাহ করা হয়নি। হঠাৎ একাডেমিক স্বীকৃতির চিঠি পেয়ে তাঁরাও বিস্মিত হয়েছেন। নিয়মানুযায়ী বন্ধ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার কথা নয় বলে জানান শিক্ষা কর্মকর্তা। তবে বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা চাইলে একাডেমিক স্বীকৃতির বিষয়টি নবায়ন করে নিতে পারবেন। গতকাল রোববার সরেজমিনে বিদ্যালয়টি পরিত্যক্ত অবস্থায় দেখা গেছে। বেশির ভাগ কক্ষের দরজা-জানালা নেই। দু-একটির থাকলেও তা নষ্ট হয়ে গেছে। বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠে খড়ের গাদা। স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আয়ূব আলী জানান, এটি প্রায় চার বছর ধরে বন্ধ।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিছুর রহমান প্রথম আলোকে জানান, তিনি এ ব্যাপারে তদবির করছেন। দেশে যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ হয়, তাঁরটাও সেভাবেই হয়েছে।রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সুনীল চন্দ্র দাস জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে একাডেমিক স্বীকৃতির চিঠি দেওয়া হয়েছে। তাহলে এত দিন পর কেন চিঠি দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাগজপত্র দেখে পরে জানাতে হবে।