বন্ধ চালকল থেকে সরকারিভাবে চাল সংগ্রহের বিষয়ে অভিযোগের তদন্ত চলছে। অনিয়ম বা দুর্নীতির আশ্রয় নিয়ে চাল সংগ্রহের অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার নওগাঁয় ‘খাদ্য সংগ্রহ বিষয়ে রাজশাহী বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বন্ধ মিল থেকে চাল সংগ্রহ করা হচ্ছে এ ব্যাপারে পত্রপত্রিকায় সংবাদ দেখেছি। প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়মের অভিযোগ কারও বিরুদ্ধে প্রমাণিত হলে তাঁকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
৮ ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকায় ‘চাল দেবে বন্ধ কল!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে নওগাঁর মহাদেবপুর ও রাজশাহীর বাগমারায় খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির আশ্রয় নিয়ে বন্ধ মিল থেকে চাল সংগ্রহের বিষয় তুলে ধরা হয়।