বন্ধ রেলগেটে ঝুঁকি নিয়ে পারাপার
রেলগেট বন্ধ। তবু হেঁটে বা মোটরসাইকেল নিয়ে বেপরোয়াভাবে পারাপার হচ্ছে মানুষ। ফলে মনোযোগ সামান্য এদিক-সেদিক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ঝরে যেতে পারে প্রাণ। এ দৃশ্য নীলফামারীর সৈয়দপুর শহরের ২ নম্বর রেলগেটের। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই রেলগেট এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। রেলওয়ে থানার পুলিশও (জিআরপি) কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রেলগেট এলাকায় দাঁড়িয়ে দেখা যায়, রাজশাহী থেকে সৈয়দপুরমুখী তিতুমীর এক্সপ্রেস দ্রুতগতিতে এগিয়ে আসছে। কিন্তু এদিকে কারও ভ্রুক্ষেপ নেই। একের পর এক মোটরসাইকেল নিয়ে চালকেরা পাশের ফাঁকফোকর গলে ঢুকে পড়ছেন রেলপথে। পথচারীও অবাধে পারাপার হচ্ছেন। এর কয়েক মুহূর্তের মধ্যেই হুইসেল বাজিয়ে ট্রেনটি অতিক্রম করল রেলগেট এলাকা। সৈয়দপুর পৌরসভার সাবেক এক কাউন্সিলরকে বহনকারী একটি রিকশাও রেলগেট বন্ধ থাকায় আটকে ছিল। একপর্যায়ে ঝুঁকি নিয়েই রিকশাটি রেললাইন পার হয়।
পথচারী শাহীন আকতার বলেন, রেলগেট বন্ধ থাকলেও চালকেরা মোটরসাইকেল নিয়ে পাশের ফাঁকা জায়গা দিয়ে অবাধে চলাচল করছেন। রেলওয়ের গেটম্যান বা ট্রাফিক পুলিশ এসব দেখেও না দেখার ভান করছেন। ফলে বন্ধ রেলগেটের ভেতরে অবৈধভাবে মোটরসাইকেল চলাচলের অশুভ প্রতিযোগিতা বেড়েই চলেছে।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, গত সেপ্টেম্বরে ওই এলাকায় রেলগেট বন্ধ থাকার সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। রেলের ইঞ্জিনের সামনে পড়ে যাওয়ায় মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। তবে মোটরসাইকেল আরোহীরা কোনোমতে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। আর মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। ওসি আরও বলেন, ওই দুর্ঘটনার পর গেটম্যানকে সতর্ক করা হয়েছে। রেলগেট বন্ধ থাকার পরও মোটরসাইকেল চলাচলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রেলপথ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (পার্বতীপুর) ফজলুল রহমান বলেন, বন্ধ রেলগেটের ভেতরে পথচারী বা যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। রেলওয়ে আইন অনুসারে, এই নিষেধাজ্ঞা অমান্য করা দণ্ডনীয় অপরাধ। যাঁরা আইন লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এসব দেখার দায়িত্ব রেলওয়ে থানার পুলিশের।