রাজবাড়ীর কালুখালী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত ৭৫ কিলোমিটার দীর্ঘ বন্ধ রেলপথে গতকাল শনিবার পরীক্ষামূলকভাবে রেলগাড়ি চলাচল করেছে।
গতকাল দুপুর ১২টার দিকে কালুখালী থেকে ছয়টি বগি নিয়ে একটি রেলগাড়ি পরীক্ষামূলকভাবে ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। এটি বেলা তিনটার দিকে ভাটিয়াপাড়ায় গিয়ে পৌঁছায়। রেলগাড়িটি যাওয়ার সময় পথে বহরপুর, নলিয়া, মধুখালী ও বোয়ালমারী স্টেশনে থামে।
এ সময় রেলগাড়িতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী কাজী রফিকুল আলম, প্রধান যন্ত্র প্রকৌশলী দুলাল কুমার রায়, রাজবাড়ীর ঊর্ধ্বতন নির্বাহী প্রকৌশলী রিয়াদ আহমেদ উপস্থিত ছিলেন।
রিয়াদ আহমেদ জানান, পুরো রেলপথ পর্যবেক্ষণ করে সবকিছু ঠিক পাওয়া গেছে। কোথাও কোনো ত্রুটি-বিচ্যুতি নেই। এখন বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক এসে আরেকবার পর্যবেক্ষণ করবেন। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলে এ পথে নিয়মিত রেলগাড়ি চলাচল করবে।
১৯৯৬ সালে কালুখালী-ভাটিয়াপাড়া রেল পথ বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হওয়া এ রেলপথটি আবার চালু করার সিদ্ধান্ত নেয়।