বন্ধ স্কুলেও দফায় দফায় টিআর কাবিখার বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের একপাশে জানালা-দরজাবিহীন জরাজীর্ণ কয়েকটি ঘর। ঘাস আর গাছগাছালিতে ঢেকে আছে শ্রেণীকক্ষের একাংশ। ভেঙে পড়েছে দেয়ালের অনেকটাই। চালাবিহীন দুটি ঘর ও শৌচাগার ঝোপঝাড়ে ভরে গেছে। কক্ষগুলোতে কোনো বেঞ্চ-টেবিল না থাকলেও এটি ঠাকুরগাঁও সদর উপজেলার অগ্নিবীণা নিম্নমাধ্যমিক বিদ্যালয়। সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে গত বছর ওই বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে যায়। তবে এখনো কাবিখা ও টিআর কর্মসূচির আওতায় কয়েক দফা বরাদ্দ পেয়েছে বিদ্যালয়টি।
২০১২-১৩ অর্থবছরে কাবিখা ও টিআর কর্মসূচির আওতায় বিদ্যালয় সংস্কার এবং মাঠ ভরাটের নামে সদর উপজেলার বেশ কয়েকটি নিম্নমাধ্যামিক বিদ্যালয়ে বরাদ্দ যাচ্ছে। কয়েক দফায় বরাদ্দ পেলেও বিদ্যালয়গুলোতে উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, উন্নয়নের কথা বলে গম ও চাল বরাদ্দ নেওয়া হলেও বিদ্যালয়ের কাজে না লাগিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা তথ্য বাতায়নে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের দেওয়া তথ্যে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে কাবিখা কর্মসূচির আওতায় রাজাগাঁও ইউনিয়নের অগ্নিবীণা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও সংস্কার প্রকল্পের বিপরীতে ১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। একই অর্থবছরে বিদ্যালয়টি আবারও টিআর কর্মসূচির আওতায় দুই দফায় ছয় টন ও চার মেট্রিক টন চাল বরাদ্দ পায়।
অগ্নিবীণা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের তিনটি প্রকল্পেরই সভাপতি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম। তিনি ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বও পালন করছেন।
শুখানপুখুরী ইউনিয়নের সারোডুবি নিম্নমাধ্যমিক বিদ্যালয় সংস্কারের নামে টিআর কর্মসূচির আওতায় দুই দফায় নয় মেট্রিক টন ও ২০১৩-১৪ অর্থবছরে আবারও চার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প দুটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুধীর চন্দ্র শর্মা।
পূর্ব শুখানপুখুরী পালপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় সংস্কারের নামেও টিআর কর্মসূচির আওতায় দুই দফায় ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বেগুনবাড়ী ইউনিয়নের বিডি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ঘর সংস্কারের বিপরীতে দুই দফা ১১ টন চাল বরাদ্দ পাওয়ার পর আবারও ২০১৩-১৪ অর্থবছরে তিন মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম দুটি প্রকল্পের সভাপতি বেগুনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র বর্মণ।
সম্প্রতি সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিবীণা নিম্নমাধ্যমিক বিদ্যালয় সংস্কারের নামে বরাদ্দ পেলেও তা কাজে লাগানো হয়নি। বিদ্যালয়ের পাঠদান বছর খানেক বন্ধ রয়েছে। বিদ্যালয়ের ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘরে কোনো বেঞ্চ-টেবিলও নেই। বিদ্যালয়ের অফিস সহকারী পলাশ চন্দ্র বর্মণ জানান, সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে গত বছরের শেষ দিকে বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে যায়। শিক্ষকেরা এখন আর এই বিদ্যালয়ে আসেন না। দেখভালের অভাবে বিদ্যালয়ের এখন এই অবস্থা।
শুখানপুখুরী সারোডুবি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ওপর কোনো চালা নেই। ঘরের ভেতরে নেই কোনো বেঞ্চ-টেবিল। জানালা-দরজা ছাড়াই কয়েকটি শ্রেণীকক্ষ দাঁড়িয়ে আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিনী চন্দ্র রায় জানান, ‘সরকারি অনুদান না পেলে নন-এমপিওভুক্ত বিদ্যালয়গুলো টিকিয়ে রাখা সম্ভব নয়। যে টুকু বরাদ্দ পেয়েছি, তা কাজে লাগাতে চেষ্টা করেছি।’
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের মো. আখতারুজ্জামান বলেন, এলাকার সাংসদের দেওয়া তালিকা অনুযায়ী টিআর ও কাবিখার বরাদ্দ দেওয়া হয়েছে। সময়ের অভাবে এসব প্রকল্পের কাজ দেখতে সময়ের অভাবে যেতে পারিনি।