বন্ধ হওয়ার পথে আদিবাসীদের মাতৃভাষার ১০টি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের মাতৃভাষা (সাদরী ভাষা) শিক্ষাদানের প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলো প্রতিষ্ঠার তিন বছরের মাথায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।জানা গেছে, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের প্রায় ১২ হাজার লোকের বসবাস। এদের মধ্যে মালো, মাহাতো, লোহরা, সিং, কর্মকার গোষ্ঠী ও উপগোষ্ঠী রয়েছে। তাদের সন্তানদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য ২০০৯ সালে ১০টি বিদ্যালয় প্রতিষ্ঠা করে ওঁরাও ফাউন্ডেশন। এসব বিদ্যালয় তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের খোদবাড়ি, মানিকচাপড়, বরইচড়া, বোয়ালপুকুর ও দেওঘর, দেশিগ্রাম ইউনিয়নের ছয়ঘাটি এবং রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ধলজান গ্রামে অবস্থিত। এসব বিদ্যালয়ে সাদরী ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়।এসব বিদ্যালয়ে সাদরী ভাষায় লেখা হামার বই-পরথম ভাগ পড়ানো হতো। বইটি রচনা, সংশোধন ও পরিমার্জন করেছেন রতন সিদ্দিকী, ড. আবদুল জলিল, যোগেন্দ্রনাথ টপ্প, ড. মদন কুমার বারোয়ার, বিষ্ণুপদ ওঁরাও, রমেশ চন্দ্র এক্কা ও সুদেব সরকার। বিদ্যালয়গুলোকে বইসহ শিক্ষার বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করত মানুষের জন্য ফাউন্ডেশন। কিন্তু গত ৩১ ডিসেম্বর সংগঠনটি আপাতত বিদ্যালয়গুলোকে এ সহায়তা দিতে পারছে না বলে জানিয়ে দেয়। এ কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এসব বিদ্যালয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিটি বিদ্যালয়ে ১৮ থেকে ২০ জন আদিবাসী ছেলেমেয়ে সাদরী ভাষায় লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে একজন করে আদিবাসী শিক্ষক তাদের পাঠদান করেন। এ বছর বিদ্যালয়গুলোতে ভর্তি-ইচ্ছুক প্রায় ২০০ ছেলেমেয়ে রয়েছে।মানিকচাপর মাতৃভাষা বিদ্যালয়ের শিক্ষক দিপালী এক্কা বলেন, ‘সাদরী ভাষাকে বাঁচিয়ে রাখতে এ বিদ্যালয়গুলো যথেষ্ট ভূমিকা রাখছিল। এখন বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেলে আমাদের ভাষা হুমকির মুখে পড়বে।’ খোদবাড়ির মাতৃভাষা বিদ্যালয়ের শিক্ষক পারবতী রানী খালকো দাবি করেন, আদিবাসীদের মাতৃভাষা শেখার এ বিদ্যালয়গুলো যেন বন্ধ না হয়। ওঁরাও ফাউন্ডেশনের সহসভাপতি জ্ঞানেন্দ্রনাথ সরকার বলেন, ‘আমাদের সাদরী ভাষাকে রক্ষা ও জাতি সম্প্রদায়কে ভাষা শেখানোর এ উদ্যোগকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করি।’ওঁরাও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ টপ্প বলেন, ‘সমতলের আদিবাসীদের ভাষা শিক্ষার এ কেন্দ্রগুলোতে গত তিন বছরে পাঁচ শতাধিক ছেলেমেয়ে শিক্ষা লাভের সুযোগ পেয়েছে। ভাষা শেখার এ বিদ্যালয়গুলো যেন বন্ধ না হয়ে যায়—এ ব্যাপারে সব মহলের সাহায্য-সহযোগিতা চাই।’সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, ‘আদিবাসীদের মাতৃভাষা শিক্ষার এ উদ্যোগ প্রশংসনীয়। তারা বিদ্যালয়গুলোর পাঠদান অব্যাহত রাখতে চাইলে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’