বন্ধ হওয়ার পথে নৌচলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে জেগে উঠেছে ছয়টি বিশাল চর। তলদেশ ভরাট হয়ে ক্রমেই চরে পরিণত হচ্ছে নদীটি। ফলে নদীর বিভিন্ন অংশে বন্ধ হওয়ার পথে নৌচলাচল। স্থানীয় লোকজন জানান, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে কর্ণফুলী নদী ছিল চট্টগ্রামের অন্যতম বাণিজ্য পথ। রাঙ্গুনিয়া, রাউজানসহ জেলার ব্যবসায়ীরা পার্বত্য জেলা থেকে পণ্য কিনে কর্ণফুলী নদীপথ দিয়ে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন জায়গায় নিয়ে যেত, যা এখনো চলছে। কিন্তু বছরের পর বছর নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় এ পথ এখন হুমকির মুখে।রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল আহমেদ জানান, কর্ণফুলী কাগজ কল, পাটকল, সিরামিক কারখানার দূষিত বর্জ্য ও ইঞ্জিতচালিত নৌকা থেকে নির্গত তেলে কর্ণফুলীর পানির ঘনত্ব বেড়ে গেছে। ফলে পানিপ্রবাহ কমে যাওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি পলি নদীর তলদেশে জমা হচ্ছে। এতে নদীর গভীরতা ক্রমেই হ্রাস পাচ্ছে।সরেজমিনে দেখা যায়, উপজেলার চন্দ্রঘোনা, মরিয়মনগর, কোদালা, শিলক, সরফভাটা, বেতাগী এলাকায় ছয়টি বিশাল চর রয়েছে। এসব চর প্রায় নদীর তীরের সমান উঁচু। ফলে জোয়ারের পানিতেও ডুবে না এসব চর। তবে আরও কয়েকটি চর রয়েছে, যা জোয়ারের পানিতে ডুবে গেলেও ভাটার সময় জেগে ওঠে।মরিয়মনগর ইউপি চেয়ারম্যান সেলিমুল হক জানান, ২০ বছর ধরে কর্ণফুলী নদীতে চর জেগে উঠছে। হ্রাস পাচ্ছে নাব্যতা। অথচ নদী খননের উদ্যোগ নেই। ফলে নদীর মৎস্যকুল ধ্বংস হওয়ার পাশাপাশি পণ্যবাহী নৌচলাচলও বন্ধ হওয়ার পথে। চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কেও ফেরি চলাচল হুমকির মুখে। ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘২৭ বছর ধরে কর্ণফুলী নদীপথে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও বান্দরবান জেলায় উৎপাদিত ফল ও ফসল স্বল্প ব্যয়ে পরিবহন করে আনছি। কিন্তু চার-পাঁচ বছর ধরে নদীর মাঝে চর ও ডুবোচরের কারণে পণ্য পরিবহনে কষ্ট পাচ্ছি।’শিলক ফকিরাঘাটের নৌকার মাঝি আবুল হাশেম (৬৪) জানান, কর্ণফুলী কাগজ কল, পাটকল, ফোরাত কার্পেট কল, রাসায়নিক কারখানা, সিরামিক কারখানা এমনকি রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রপাতিও এই কর্ণফুলী নদীপথে আনা হয়েছিল। নদীতে ভাসিয়ে বাঁশ-কাঠের চালিও গন্তব্যে নেওয়া হতো। নাব্যতা হ্রাস পাওয়ায় কর্ণফুলী নদীতে এখন ভারী জিনিসপত্র পরিবহন তো দূরের কথা, সাধারণ নৌকা চালচলেও দুর্ভোগের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কর্ণফুলী নদীর নাব্যতা ফিরে পেতে হলে নদী খনন করতে হবে। এর আগে কলকারখানার বর্জ্য নিক্ষেপ বন্ধ করা জরুরি। কলকারখানার বর্জ্য নিক্ষেপ বন্ধ না হলে পানিপ্রবাহ বৃদ্ধি পাবে না। পানিপ্রবাহ বাড়ানো ছাড়া নদী খনন করে কোনো লাভ হবে না।