বন্ধ হচ্ছে ওএমএস, ফেয়ার প্রাইসে চাল বিক্রি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকালের পর থেকে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) বন্ধ হয়ে যাচ্ছে। তবে ফেয়ার প্রাইস কার্ডে (এফপিসি) চাল বিক্রি কার্যক্রম ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ঈদের পর চালের দাম যদি বাড়ে বা বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়, তাহলে ওএমএস কার্যক্রম আবারও চালু হবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। চালের দাম স্থিতিশীল রাখতে প্রাথমিকভাবে শুধু রমজান মাসের জন্য ২৪ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছিল। ১০ আগস্ট থেকে রাজধানীতে ৯৯টি ট্রাকে জনপ্রতি পাঁচ কেজি করে চাল বিক্রি হয়ে আসছিল। ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য প্রতি ট্রাকে একজন করে সহকারী খাদ্য পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়। এ কাজে ঢাকার বাইরে থেকে কেন্দ্রীয় কার্যালয়ে জনবল নিয়ে আসা হয়। ঈদের সরকারি ছুটি শুরু হওয়ার আগে ঢাকায় আনা সহকারী খাদ্য পরিদর্শকদের নিজেদের মূল কর্মস্থলে যোগ দিয়ে তারপর ঈদের ছুটিতে যেতে হবে। খাদ্য বিভাগ থেকে এই যুক্তি তুলে ধরে ৯ সেপ্টেম্বর থেকে ওএমএস বন্ধ করার অনুমতি চাওয়া হয়। খাদ্য বিভাগ থেকে ওএমএস বন্ধের জন্য অনুমতি চাওয়া হলে গতকাল সোমবার খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন দেয়। খাদ্যসচিব বরুণ দেব মিত্র এ ব্যাপারে প্রথম আলোকে জানান, ঈদের পর বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। দাম বাড়ার লক্ষণ দেখলে আবারও ওএমএস শুরু হবে। প্রয়োজনে ফেয়ার প্রাইসে চাল বিক্রি কার্যক্রমের সময়কালও বাড়ানো হবে। রমজান মাসের পুরো সময় সপ্তাহের শুক্র ও মঙ্গলবার ছাড়া অন্য পাঁচ দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চাল বিক্রি হয়। এ জন্য সারা দেশের ৪৮৫ জন ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে ২৬৫ জন ট্রাকে ও বাকিরা দোকানে চাল বিক্রি করেছেন। দোকান-ডিলাররা কেবল বন্যাকবলিত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় চাল বিক্রি করবেন।গতকাল পর্যন্ত ফেয়ার প্রাইসে চাল বিক্রির জন্য ডিলাররা ১১ হাজার ১২০ টন চাল উত্তোলন করে প্রায় ১০ হাজার টন চাল বিক্রি করেছেন। চারটি বিভাগীয় শহরের ডিলাররা ১২ হাজার ৫৫৫ টন ওএমএসের জন্য উত্তোলন করে পুরোটাই বিক্রি করেছেন। এ বছর প্রথমবারের মতো চালু করে আট লাখ ৫৬ হাজার ব্যক্তিকে এফপিসি কর্মসূচির আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে তিন লাখ ৬৬ হাজার ৪০০টি কার্ড দেওয়া হয়েছে ঢাকা মহানগরে। ঢাকার ১৭টি শ্রমঘন ইউনিয়নে দেওয়া হয়েছে ৫৬ হাজার ৪১০টি কার্ড।বাকি চার লাখ ৩৩ হাজার ৮৫৭ জন হচ্ছে অন্য বিভাগীয় শহর, মহানগর ও জেলা শহরের জন্য। এই কর্মসূচির জন্য ৫৩২ জন ডিলার নিয়োগ করা হয়েছে।