বন্ধ হচ্ছে গেট পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর বোধোদয় হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। বন্ধ করা হচ্ছে রোগীর স্বজনদের জন্য চালু করা গেট পাস। ছাঁটাই করা হচ্ছে হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক ৯০ কর্মচারীকে। হাসপাতালের বর্তমান পরিচালক দেড় বছরের দায়িত্ব শেষে বদলি হয়ে যাওয়ার আগে এই উদ্যোগ নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৭ সালের মে মাস থেকে হাসপাতালে কোনো রোগী ভর্তি করাতে হলে ১৭ টাকায় সরকারি টিকিট এবং ৪০ টাকায় দুটি ‘বেসরকারি টিকিট’ কিনতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের চালু করা এই ‘বেসরকারি টিকিট’ ছাড়া রোগীর স্বজনদের কেউ হাসপাতালে ঢুকতে পারে না। এটিই গেট পাস। একটি টিকিটের মেয়াদ থাকে পাঁচ দিন। এরপর আবার নতুন টিকিট কিনতে হয়। এই টিকিট চেক করার জন্য হাসপাতালের প্রধান ফটকে পাহারা বসোনো হয়। শুধু বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা টিকিটে হাসপাতালে ঢুকতে পারেন।
২০০৭ সালে গেট পাস চালু হওয়ার পর এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এমনকি প্রথম অবস্থায় সাংবাদিকদেরও পাস ছাড়া হাসপাতালে ঢুকতে বিধিনিষেধ আরোপ করা হয়। ২০০৭ সালের নভেম্বর মাসে এ নিয়ে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন উত্তরাঞ্চলের পাঠকদের জন্য প্রথম আলোর সপ্তাহিক ক্রোড়পত্র ‘আলোকিত উত্তর’-এ এই নিয়ে একটি কার্টুনও ছাপা হয়।
হাসপাতালের পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রায় দেড় বছর আগে যোগদান করেন। তিনি ২৯ মার্চ বদলি হয়ে চলে যাবেন। যাওয়ার আগে তিনি গেট পাস বন্ধ করে যাচ্ছেন। আগামী ১ এপ্রিল থেকে হাসপাতালে ঢুকতে রোগীর স্বজনদের আর পাস কিনতে হবে না। একই সঙ্গে ৩১ মার্চ থেকে দৈনিকভিত্তিক ৯০ জন কর্মচারী ছাঁটাই হয়ে যাবেন।
বদলি হয়ে চলে যাওয়ার সময় কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পরিচালকের আসা-যাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা অবৈধ। এর জন্য নিরীক্ষা আপত্তি আসছে। দুর্নীতি দমন কমিশন ধরছে। সাংবাদিকেরা পিছে লেগে আছে।’ তিনি জানান, হাসপাতাল পরিচালনা কমিটির গত মাসের সভায় তিনি বিষয়টি তুলেছিলেন। তখন পরিচালনা কমিটির সভাপতি বলেছিলেন, ২৯ মার্চ মন্ত্রণালয়ের একটা পরিদর্শন আছে। তারপর এটা বন্ধ করা যাবে। এখন মন্ত্রণালয়ের পরিদর্শন হচ্ছে না। তাই এখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।