জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১২টি ইউনিটের মধ্যে চারটি মে মাস থেকে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। সরকারি বিশেষায়িত এ হাসপাতালে রোগীর চাপ থাকে খুব বেশি। এ জন্য ১০ বছর ধরে হাসপাতালটি ১২-১৩টি ইউনিট দিয়ে পরিচালিত হয়। হাসপাতালের একাধিক চিকিৎসক আশঙ্কা প্রকাশ করেছেন, ইউনিট কমানোর প্রভাব রোগীদের চিকিৎসাসেবার ওপর পড়বে। জানা যায়, প্রতিটি ইউনিটে তত্ত্বাবধায়ক হিসেবে একজন অধ্যাপক কাজ করেন। ৪১০ শয্যার এ হাসপাতালে রোগী থাকছে সাত শতাধিক। প্রতিষ্ঠানের পরিচালক আবুল হোসেন খান চৌধুরী গত শনিবার বিকেলে চারটি ইউনিট বন্ধ করার দপ্তর আদেশ দেন। মে মাস থেকে এই আদেশ কার্যকর হবে। ওই আদেশ অনুযায়ী, অধ্যাপক মাহবুব আলী, সহযোগী অধ্যাপক নাজির আহমেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ কুমার সাহা ও জ্যেষ্ঠ চিকিৎসা পরামর্শক (সিনিয়র কনসালটেন্ট) এম নজরুল ইসলাম পরিচালিত ইউনিট বন্ধ করে দেওয়া হচ্ছে। অপর আট ইউনিটে অন্য অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের আওতায় তাঁদের কাজ করতে বলা হয়েছে। হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক গতকাল রোববার পরিচালকের দপ্তরে গিয়ে এ আদেশ প্রত্যাহারের দাবি জানান। তাঁরা হাসপাতালে ১৫টি ইউনিট স্থাপনেরও দাবি জানান। ওই হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা পরামর্শক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সহসভাপতি এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এভাবে ইউনিট কমিয়ে দেওয়া নজিরবিহীন। হাসপাতালের পরিচালক ইউনিটের কারও সঙ্গে এ নিয়ে আলোচনা করেননি। একাডেমিক কাউন্সিলেও এ নিয়ে আলোচনা করা হয়নি। এককভাবে এ রকম সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে রোগীদের সেবার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।তবে হাসপাতালের পরিচালক আবুল হোসেন খান চৌধুরী বলেন, ‘পুরো ব্যাপারটি মন্ত্রণালয়ের নির্দেশে হয়েছে। নিজের ইচ্ছায় আমি কিছু করিনি। ওপর থেকে যে নির্দেশ এসেছে, আমি তা-ই করেছি। আর ওপর থেকে নির্দেশ এলে আলোচনার কিছু থাকে না। ১ মে থেকে তা কার্যকর হবে।’ তিনি বলেন, এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। এ নির্দেশ নিয়ে আলোচনা করা হবে।