সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার সাতটি আদিবাসী মাতৃভাষা বিদ্যালয় বন্ধ হওয়ার উপক্রম হলেও আরেকটি বছরের জন্য টিকে গেল। ফলে শিশুদের আদিবাসী মাতৃভাষা সাদরি সম্পর্কে জানার সুযোগ রয়েই গেল।
উদ্যোক্তারা জানান, অর্থ-সংকটের কারণে বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার কথা ওঠে। কিন্তু জার্মানপ্রবাসী এক ব্যক্তির অর্থ সহায়তার আশ্বাসের পর আবারও বিদ্যালয়গুলো চালু হচ্ছে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৯ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন জেলার রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার আদিবাসী-অধ্যুষিত ১০টি গ্রামে আদিবাসী মাতৃভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এসব বিদ্যালয়ে আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের শিক্ষকেরা তাঁদের মাতৃভাষা সাদরিতে শিশুদের প্রাক্-প্রাথমিক শিক্ষা দেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় সাদরি ভাষায় বই তৈরি করে দিয়ে তাদের সহযোগিতা করে।
কিন্তু ২০১১ সালে মানুষের জন্য ফাউন্ডেশন এ কার্যক্রম গুটিয়ে নেয়। ফলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় বিদ্যালয়গুলো। এ বিষয়ে প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে জার্মানপ্রবাসী সৈয়দ শাকিল এগিয়ে আসেন। সেই থেকে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের সোনাকান্দর, দৌলতপুর, প্রতাপ গুচ্ছগ্রাম, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ধাওয়াপুর, গুল্টা ও দেশিগ্রাম ইউনিয়নের ক্ষীরশিন এবং ছয়ঘাঁটি গ্রামে আদিবাসী শিশুদের জন্য প্রতিষ্ঠিত মাতৃভাষার বিদ্যালয়গুলো আবারও কার্যক্রম শুরু করে। অবশ্য তিনটি বিদ্যালয় আর চালু করা হয়নি। ২০১৫ সাল পর্যন্ত তিনি এ বিদ্যালয়গুলো পরিচালনার ভার নেন। বই-খাতা থেকে শুরু করে শিশুদের পোশাক দেওয়া হয়। শর্ত অনুযায়ী গত ডিসেম্বরে এ কার্যক্রম শেষ হওয়ার কথা। ফলে আবারও অনিশ্চয়তায় পড়ে যায় বিদ্যালয়গুলো। তাঁকে অনুরোধ করা হলে তিনি আরও এক বছর বিদ্যালয়গুলো পরিচালনার ভার নেন। এতে খুশি ছড়িয়ে পড়ে আদিবাসী পল্লিগুলোতে। পরিবারের পাঁচ বছর বয়সী শিশুদের মাতৃভাষা সাদরি শেখানোর জন্য আরও একটি বছর সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করে তারা।
গতকাল শুক্রবার এ বিষয়ে কথা হয় আদিবাসীদের সঙ্গে। সোনাকান্দর গ্রামের শিক্ষার্থী সাগর মাহাতো বলে, ‘বিদ্যালয় চালু থাকলে পড়ার সঙ্গে সঙ্গে কাপড়-জামা পাওয়া যায়।’ তার বাবা বিমল মাহাতো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাচ্চাদের বিদ্যালয়গুলো বন্ধ হওয়ার কথা শুনে চিন্তায় ছিলাম। কিন্তু আরও এক বছর চলবে শুনে ভালো লাগছে।’ প্রতাপ গুচ্ছগ্রামের মিনতি রানী রায় বলেন, ‘আমাদের মাতৃভাষায় ছেলেমেয়েরা আরও এক বছর পড়ার সুযোগ পাবে।’
ওঁরাও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ টপ্প্য সন্তোষ প্রকাশ করে বলেন, এ বছর আরও অন্তত ২০০ ছেলেমেয়ে তাদের মাতৃভাষায় পড়ালেখার সুযোগ পাবে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জার্মানপ্রবাসী সৈয়দ শাকিল গতকাল মুঠোফোনে বলেন, ‘একটি ভাষাকে টিকিয়ে রাখতে ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি মানবিক বোধ থেকে ২০১২ সাল থেকে বিদ্যালয়গুলো পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছি। এ জন্য প্রায় ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। নতুন বছরও সহায়তা দেওয়া হবে।’ তিনি বিদ্যালয়গুলোকে সরকারিভাবে পরিচালনার জন্য আহ্বান জানান।