বন্ধ হতে বসেছে ডিম উৎপাদনকারী খামার
এক শ্রমিক নেতা ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী-চাঁদাবাজদের অব্যাহত হুমকির মুখে পঞ্চগড় সদর উপজেলায় মুরগির ডিম উৎপাদনকারী একটি খামারের কার্যক্রম বন্ধ হতে বসেছে। এসব ঘটনায় তিনটি মামলা করলেও প্রথমদিকে পুলিশ মামলা নিতে চায়নি। পরে একটি মামলা রেকর্ড ও প্রধান আসামি আবু তালেবকে পুলিশ গ্রেপ্তার করলেও রাজনৈতিক চাপে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়।চাঁদার দাবিতে যানবাহন চলাচলে বাধা, অবরোধ, হুমকি অব্যাহত থাকায় খামারে সময়মতো মুরগির খাবার সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। এতে প্রায় সাড়ে তিন লাখ মুরগি মারা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই প্রতিদিন দুই লাখ ৬০ হাজার ডিমের উৎপাদনও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। খামার কর্তৃপক্ষ জানায়, স্থানীয় ট্রাক ছাড়া কনটেইনার খামারে আসতে পারবে না, স্থানীয় ট্রাকে আসা মুরগির খাবারের বস্তাগুলো তারা নামাবে, ট্রাকে ডিম তুলবে, খামারে যাতায়াতকারী সকল যানবাহনকে চাঁদা দিতে হবে—এমন দাবি জানিয়ে আবু তালেবসহ কয়েকজন শ্রমিক ৪ অক্টোবর থেকে ধর্মঘট শুরু করেন। তাঁরা মুরগির খাবারের কনটেইনার, ট্রাক ও দুটি ডিম লোড দেওয়ার যানবাহন আটক করে রাখেন। এ ছাড়া পঞ্চগড় শহর থেকে খামারে কর্মরতদের জন্য খাদ্যদ্রব্য নিয়ে আসা পরিবহনও প্রধান ফটকের সামনে আটকে রাখে। তারা চুক্তিভিত্তিক শ্রমিকদেরও জোর করে কাজে যোগদান থেকে বিরত রাখে।বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে জানালে ৫ অক্টোবর পঞ্চগড় সদর থানার এসআই হুমায়ুন কবিরসহ একদল পুলিশ খামারে গিয়ে আটকে রাখা যানবাহনগুলো ভেতরে প্রবেশ করান। খামারের লোকজন এসব ট্রাকে মালামাল তোলা ও নামার কাজ শুরু করলে সন্ত্রাসীরা কর্মকর্তা-কর্মচারী ও ট্রাকের ওপর ইটপাটকেল ও মুরগির বিষ্ঠা ছুড়ে মারে। তারা কর্মকর্তা-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও নেওয়ার হুমকি দেয়। খবর পেয়ে পঞ্চগড় থানার এসআই হারুন খামারের সামনে গেলেও শ্রমিকদের বাধায় ফেরত আসেন। ওই দিন সন্ধ্যায় ডিম পরিবহনের ট্রাক খামারে এলে আবু তালেব সেটি আটক করে ফেরত পাঠান।প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) এ বি এম জালাল বলেন, পোলট্রি প্রযুক্তির প্রেক্ষাপটে বায়ো-সিকিউরিটির বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে কনটেইনারের মাধ্যমে মুরগির খাবার সরবরাহ করা হচ্ছে। এতে আটজন অনিয়মিত শ্রমিকের কাজ বন্ধ হয়ে যায়। মানবিক কারণে তাঁদের বিকল্প কাজে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আবু তালেব অনিয়মিত শ্রমিকদের প্রভাবিত করে খামারের বিরুদ্ধে উত্তেজিত করে তোলেন। ৪ অক্টোবর তাঁর নেতৃত্বে ২০-২৫ জন হকিস্টিক, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে খামারে ত্রাসের রাজত্ব কায়েম করে। চাঁদার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের আটক করে খামারের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতে মুরগির খাবার সংকটসহ ডিম সরবরাহে ব্যাঘাত ঘটেছে। এসব ঘটনায় পঞ্চগড় থানায় পর পর তিনটি মামলা করা হলেও পুলিশ অজ্ঞাত কারণে মামলা নিতে গড়িমসি করে। পরে ৮ অক্টোবর রাতে সন্ত্রাসী ও চাঁদাবাজির একটি মামলা রেকর্ড ও পরদিন মামলার প্রধান আসামি আবু তালেবকে গ্রেপ্তার করে। কিন্তু এক রাজনৈতিক নেতার চাপে পরদিন পুলিশ তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়।এ বিষয়ে আবু তালেব বলেন, খাবার পরিবহনে আধুনিক পদ্ধতি ব্যবহারের কারণে আট শ্রমিক বেকার হয়ে পড়েন। কর্তৃপক্ষ তাঁদের বিকল্প কাজ দিতে চাইলেও দুই মাসেও তা দেয়নি। চাঁদা দাবির অভিযোগ তিনি অস্বীকার করেন।পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ফারুক হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ অসহায়। একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রধান আসামি আবু তালেবকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। রাজনৈতিক চাপের ব্যাপারে তিনি কোনো কথা বলতে চাননি।