বন্ধ হলো টাকা পাঠানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর ধরে বাসচালকের সহকারী হিসেবে কাজ করছিল তোফাজ্জুল হোসেন (১৬)। এরই মধ্যে বাস চালানোও শেখা হয়ে গিয়েছিল তার। চালক বলেছিলেন, এখন বেতন বাড়বে। তখন বাড়িতে আরেকটু বেশি করে টাকা পাঠাতে পারবে তোফাজ্জুল। কিন্তু বেশি করে নয়, বাড়িতে তার টাকা পাঠানো একেবারেই বন্ধ করে দিয়েছে ‘রাজনীতির’ পেট্রলবোমা।
গত ১৪ জানুয়ারি গভীর রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকার বটতলা বাসস্ট্যান্ডে বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। বাসের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তোফাজ্জুল। তোফাজ্জুলের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা গ্রামের কান্দাপাড়ায়। গাজীপুরের কোনাবাড়িতে বড় বোন আমেনা বেগমের সঙ্গে থাকত সে। তার মৃত্যুতে হতদরিদ্র পরিবারটি যেন অকূল সাগরে ভাসতে শুরু করেছে। দুই ভাই, দুই বোনের মধ্যে তোফাজ্জুল ছিল দ্বিতীয়। বাবা ষাটোর্ধ্ব ওয়াহেদ আলী এমনিতেই অসুস্থ। কোনো কাজ করতে পারেন না। নিজের কোনো জমিজমা নেই। ছোট ভাই জুবায়ের হোসেন তৃতীয় শ্রেণি এবং ছোট বোন সকিনা বেগম প্রথম শ্রেণিতে পড়ে। ছেলের শোকে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন মা মরিয়ম বিবি।
বাসচালকের সহকারী হিসেবে কাজ করে বাড়িতে দুই থেকে তিন হাজার টাকা পাঠাত তোফাজ্জুল। তার মৃত্যুতে সংসারের চাকা যেন থেমে গেছে। সম্প্রতি তোফাজ্জুলের বাড়িতে গিয়ে কথা হয় তার বাবা ওয়াহেদ আলীর সঙ্গে। তিনি জানান, তোফাজ্জুল মারা যাওয়ার পর স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটি স্থানীয় পত্রিকার পক্ষ থেকে কিছু টাকা সাহায্য দেওয়া হয়েছিল। পরে জেলা প্রশাসক তাঁকে ডেকে নিয়ে আরও ১৫ হাজার টাকা দেন। আর কোনো সহায়তা তিনি পাননি। তবে প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে সহায়তা পাওয়া যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ওই পরিবারের সহায়তার আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এখনো কোনো সহায়তা আসেনি।