বন্ধ হলো তিন বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ
বাল্যবিবাহ

ফরিদপুর ও ময়মনসিংহে তিনটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল রোববার ও আজ সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুটি ও ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি বাল্যবিবাহ বন্ধ করেন নির্বাহী হাকিম।

প্রথম আলোর ফরিদপুর অফিস জানায়, বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি বাল্যবিবাহ বন্ধ করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান। এর মধ্যে পঞ্চম শ্রেণির এক শিশুর বিয়ে হওয়ার কথা ছিল আজ সোমবার। অপর দিকে গতকাল সন্ধ্যায় জেএসসি পরীক্ষার্থী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দেন আদালত। আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বরসহ বরযাত্রীরা। আদালত ওই দুই শিশু-কিশোরীর পরিবারের কাছ থেকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহের উদ্যোগ নেওয়া হবে না মর্মে মুচলেকা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুজ্জামান বলেন, ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে অভিযান চালিয়ে এ বিয়ে দুটি বন্ধ করা হয় এবং অভিভাবকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে মুক্তি পেয়েছে গতকাল রোববার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ করা এক কিশোরী। আজ সোমবার ইউএনও ওই কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলপুর পৌর শহরের ওই শিশুর আজ বিয়ে আয়োজন করা হয়। বরপক্ষও কিশোরীর বাড়িতে চলে আসে। খবর পেয়ে ইউএনও কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসেন চৌধুরী বলেন, ওই কিশোরীর বিয়ের খবর পেয়ে ফুলপুর পৌরসভার মেয়র মো. আমিনুল হক ও কাউন্সিলর বেগম ফেরদৌসীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করি। দুই পক্ষের কাছ থেকেই বাল্যবিবাহ দেবে না শর্তে মুচলেকা আদায় করা হয়। ওই কিশোরীকে যাতে পরবর্তী সময়ে আর বাল্যবিবাহ দিতে না পারে, সে জন্য কাউন্সিলর বেগম ফেরদৌসীকে দায়িত্ব দেওয়া হয়েছে।