বন্ধ হলো দুটি বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি ও চাঁদপুরের মতলব উত্তরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে দুই স্কুলছাত্রী। তারা যথাক্রমে অষ্টম ও নবম শ্রেণির ছাত্রী (১৫)। গত বৃহস্পতিবার এ দুই বাল্যবিবাহ বন্ধ করা হয়।

আশাশুনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা বলেন, ইউএনও সুষমা সুলতানা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে খুলনার পাইকগাছার এক যুবকের বিয়ের আয়োজন করা হয়েছে।Ñপরে তিনি দরগাপুর ইউপি চেয়ারম্যান শেখ মিয়াজ আলীকে এ বিয়ে বন্ধ করতে বলেন। ইউপি চেয়ারম্যান ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম ও গ্রাম পুলিশ সাধন দাশকে ঘটনাস্থলে পাঠান। তাঁরা মেয়ের বাড়িতে গিয়ে দেখেন বরযাত্রীরা এসেছেন। এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে মেয়েটির মা-বাবাকে অবহিত করলে তাঁরা বিয়ে বন্ধ করতে রাজি হন। বরপক্ষ ফিরে যায়।

চাঁদপুরের মতলব উত্তরের ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর (১৫) সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় আরেক গ্রামের মো. কাউছার (২৬) নামের এক ব্যবসায়ীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও শারমিন আক্তার তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী নিয়ে ছাত্রীটির বাড়িতে যান। তাঁদের দেখে বর ও তাঁর সঙ্গে আসা লোকজন দৌড়ে পালিয়ে যান। পরে মেয়ের বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন ইউএনও।

ইউএনও বলেন, উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে দেবেন না মর্মে তার বাবা লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।