বন্ধ হলো বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সোমবার বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল। আত্মীয়স্বজনের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র দেওয়া ও আনুষঙ্গিক প্রস্তুতিও ছিল শেষ পর্যায়ে। এমন সময় বরের মা স্থানীয় প্রশাসনকে জানালেন, মেয়ে অপ্রাপ্তবয়স্ক। প্রশাসনের পক্ষ থেকে তাই বিয়ে বন্ধের ব্যবস্থা নেওয়া হয়। এতে বর ও কনেপক্ষের লোকজন থানায় এসে বিয়ে বন্ধের সিদ্ধান্ত জানালেন। আর এভাবে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের এক কিশোরী (১৩)।স্থানীয় প্রশাসন ও পুলিশ জানায়, ওই মেয়ের সঙ্গে একই ইউনিয়নের বিরম উদ্দিনের ছেলে সুলেমান মিয়ার (২১) বিয়ের দিন ঠিক করা হয় কাল সোমবার। মেয়েটি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এদিকে সুলেমান মিয়ার মা সমারণ বেগম গত বৃহস্পতিবার রাজনগরের ইউএনও মো. মাশহুদুল কবীরের কাছে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে ছেলের বিয়ের বিষয়টি লিখিতভাবে জানান। পরে ইউএনওর নির্দেশে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান ও থানার এসআই কবীর উদ্দিন ঘটনাস্থলে যান। তাঁরা বর ও কনের অভিভাবকদের বিয়ে বন্ধের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে গতকাল উত্তরভাগ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কুদ্দুস, মেয়ের বাবা, বর ও তাঁদের আত্মীয়স্বজন থানায় এসে বিয়ে বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন।