বন্ধ হলো বাল্যবিবাহ স্কুলে ফিরল মেয়েটি
বাবা-মায়ের ইচ্ছায় মাত্র ১৩ বছর বয়সে মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের এক স্কুলছাত্রীর বিয়ের অনুষ্ঠান চলছিল গত শুক্রবার। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ওই বিয়ে বন্ধ হয়ে যায়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামপুরের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী গত ২০ এপ্রিল থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে ওই ছাত্রীর বিয়ের বিষয়টি জানতে পারেন প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী। ৪ মে প্রধান শিক্ষক ওই ছাত্রীর বাবাকে একটি চিঠি দেন।
চিঠিতে তিনি বাল্যবিবাহ বন্ধ করে ওই মেয়েকে স্কুলে পাঠানোর অনুরোধ জানান। এরপর প্রধান শিক্ষক স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সুপারভাইজার মৌসুম পাল ও ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বিষয়টি জানান। পরে ইউএনও ওই ছাত্রীর বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন।
এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের লোকজন গিয়ে ওই মেয়ের বিয়ে বন্ধ করে দেন। ছাত্রীটি গত শনিবার থেকে আবার স্কুলে যাওয়া শুরু করেছে।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।