বন্ধ হলো সেই বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার স্থানীয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর সেই ছাত্রীর বিয়ে গতকাল শুক্রবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। ছাত্রীর বাবা-মা তাঁদের মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন। গতকাল রাতেই একই বিদ্যালয়ের অফিস সহকারীর (করণিক) সঙ্গে ওই ছাত্রীর বাবার বাড়িতে বিয়ের কথা ছিল। প্রথম আলোসহ একাধিক জাতীয় পত্রিকায় এই বাল্যবিবাহসংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গতকাল দুপুরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন ওই ছাত্রীর বাবার বাড়িতে যান। তিনি ছাত্রী ও তার বাবা-মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝান। পরে ওই ছাত্রীর বাবা-মাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে মুচলেকা রেখে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও সাজিয়া জামান বলেন, ছাত্রীর বাবা-মাকে বোঝানো হয় যে বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। এর কুফল সম্পর্কেও তাঁদের বোঝানো হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘তাড়াইলে আগামীকাল স্কুলছাত্রীর বিয়ে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।