বন্ধ হলো স্কুলছাত্রীর বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন পুরোপুরি সম্পন্ন। কিছু সময়ের মধ্যেই বর-কনের উপস্থিতিতে বিয়ে পড়ানো হবে। ঠিক সেই সময়ই গাজীপুর জেলা প্রশাসক সশরীরে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের সালনার কাথোরা এলাকায় গত শুক্রবার রাতে।
এলাকাবাসী ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সালনার কাথোরা এলাকায় ওই ছাত্রী সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলছাত্রীর ইচ্ছে ছিল লেখাপড়া করবে। কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধেই তার বাবা-মা একই এলাকার বাসিন্দা রবিন হোসেনের (২১) সঙ্গে বিয়ের আয়োজন করেন। গত শুক্রবার দিন-তারিখও ঠিক করা হয়। এরই মধ্যে এলাকাবাসী বিষয়টি গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলামকে অবহিত করেন।