বন্ধ হানিফ উড়ালসড়কে যান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘণ্টা খানেক বন্ধ থাকার পর আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে মেয়র হানিফ উড়ালসড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের পর এই উড়ালসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন যান চলাচল শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে দুইটার দিকে যান চলাচল করতে শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গভবনের পূর্ব দিকে একটি অফিসের দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দুপুর ১২টার দিকে সংঘর্ষ হয়। দীর্ঘদিন ধরে কার্যালয়টি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দখলে ছিল। গতকাল রোববার সন্ধ্যার পর এটি দখল করেন ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। এর জের ধরে আজ এ সংঘর্ষ হয়। বেলা পৌনে একটার দিকে মেয়র হানিফ উড়ালসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষ চলার সময় যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যানচলাচল ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানায়, শ্রমিকেরা উড়ালসড়কের ওপরে বাস আড়াআড়ি করে রেখে পথ আটকে রাখায় যানজট ছড়িয়ে পড়ে।