বন্ধ হয়নি রামনাবাদ নদীর তীরের ইট-বালির ব্যবসা
প্রথমে অবৈধভাবে দখল। তারপর ভরাট করে জমজমাট ইট-বালির ব্যবসা। এসব চলছে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আড়তপট্টি এলাকার রামনাবাদ নদীর তীরে। স্থানীয় প্রায় ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ওই জায়গা দখল করে চালিয়ে যাচ্ছে এ ব্যবসা। বিপণিবিতান নির্মাণের এ কাজ শুরু হয়েছিল ২০০৯ সালে। অনুসন্ধানে জানা যায়, স্থানীয় পটুয়াখালী-৩ আসনের সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা তাঁর ব্যক্তিগত তহবিল ও টিআর প্রকল্পের অর্থ ব্যয় করে নদীর তীরের ওই জায়গা দখল এবং ভরাট করে বিপণিবিতান নির্মাণের কাজ শুরু করেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি। এ বিষয়ে ২০০৯ সালের ২১ আগস্ট প্রথম আলোয় ‘গলাচিপায় নদীর তীর দখল করে চলছে মার্কেট নির্মাণ’ শিরোনামে এটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই বছরের ১৬ নভেম্বর নৌপরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান ওই মন্ত্রণালয়ের সচিবকে রামনাবাদ নদীর তীর অবৈধভাবে দখল ও ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ২০১০ সালের ৭ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের নদী রক্ষাবিষয়ক কমিটি জাতীয় টাস্কফোর্সের বৈঠকে গলাচিপার রামনাবাদ নদীর তীরের অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে একই বছরের ১৪ ফেব্রুয়ারি সরকারের নদীবিষয়ক টাস্কফোর্সের পঞ্চম সভায় ওই অবৈধ স্থাপনাগুলো ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। ওই সময় টাস্কফোর্সের সভাপতি নৌপরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান সাংবাদিকদের বলেন, ‘গলাচিপায় নদী দখলদারদের ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে নিজ দায়িত্বে ভেঙে ফেলার জন্য। স্থানীয় প্রশাসনের কেউ এ কাজে সহায়তা করে থাকলে বা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাপন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।’ দীর্ঘদিনেও দখলকৃত স্থাপনা সরানো না হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আবারও নির্মিত স্থাপনাগুলো অপসারণের নির্দেশসহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চলতি বছরের ২৬ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এ ব্যাপারে আ. ওহাব খলিফা জানান, অবৈধভাবে রামনাবাদ নদীর তীর ভরাট করে নির্মিত স্থাপনা অপসারণের চিঠির অনুলিপি তিনি পেয়েছেন। তবে এখনো তা অপসারণ শুরু হয়নি। গত ৪ জানুয়ারি অবৈধ নদী ভরাট অপসারণের জন্য তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে আবেদন করেন। এ দিকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিলেও গলাচিপার রামনাবাদ নদীর তীরের অবৈধ দখল উচ্ছেদ হয়নি। উপরন্তু দখলকৃত জায়গায় ইট ও বালি রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রায় ১৫-১৬টি প্রতিষ্ঠান। এ ব্যাপারে তাওসিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফজলুর রহমান বলেন, ‘জায়গাটি খালি পড়ে আছে, তাই মালামাল রেখে ব্যবসা করছি। কাউকে টাকা দিতে হয় না। তবে দলীয় পোলাপান আইলে একটু চা-নাশতার ব্যবস্থা করতে হয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম বলেন, ‘আসলে রামনাবাদ নদীর তীর দখলমুক্তই আছে। কিছু ব্যবসায়ীরা অস্থায়ীভাবে স্থাপনা তুলে ব্যবসা করছে। যেকোনো সময় তাঁদের সরানো যাবে।’