বন্ধ হয়ে গেছে দেশের অর্ধশতাধিক রেলস্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেশন আছে কিন্তু তালাবদ্ধ, রাতেরবেলা বাতিও জ্বলে না, নেই সিগন্যালের ওঠানামা। রেললাইন সচল, তা দিয়ে মাঝে মাঝে ট্রেন চলাচল করে। কিন্তু ট্রেন থামে না, নেই যাত্রী পরিবহন কিংবা মালামালের ওঠানামা। এভাবেই সাত-আট বছর ধরে একের পর এক বন্ধ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের ৪৬টিসহ দেশের অর্ধশতাধিক রেলস্টেশন। এর অন্যতম কারণ হিসেবে কর্তৃপক্ষ স্টেশন মাস্টারসহ জনবল সংকটকে দায়ী করেছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল দুটি অঞ্চলে বিভক্ত। পশ্চিমাঞ্চলের দুটি বিভাগ পাকশী ও লালমনিরহাট এবং পূর্বাঞ্চলের দুটি বিভাগ ঢাকা ও চট্টগ্রাম। এর মধ্যে পাকশী বিভাগের সর্বাধিক ৩১টি রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া লালমনিরহাট বিভাগে ১৫টি, চট্টগ্রাম বিভাগে চারটি, ঢাকা বিভাগে ১০টি আংশিক ও চারটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে ওই সব এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন রেল পরিবহন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বেড়েছে জনদুর্ভোগ।বাংলাদেশে প্রায় দুই হাজার ৭৬৮ কিলোমিটার রেলপথে যাত্রী ও মালামাল পরিবহনের জন্য ৪৩৫টি স্টেশন রয়েছে। এসব স্টেশনে দায়িত্ব পালনের জন্য পদ রয়েছে এক হাজার ১৪৪ স্টেশনমাস্টারের। কিন্তু দীর্ঘদিন নতুন নিয়োগ না হওয়ায় এবং অবসর ও মৃত্যুজনিত কারণে স্টেশনমাস্টারের ৪২৮টি পদ শূন্য হয়েছে। পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ বিভাগে ১৩৪টি রেলস্টেশনের জন্য ৩৬২ স্টেশনমাস্টারের পদের মধ্যে ১২৪টি শূন্য রয়েছে। এ কারণে ইতিমধ্যে ৩১টি স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাটের বিভাগীয় পরিবহন কর্মকর্তা সৈয়দ জহুরুল ইসলাম জানান, এ বিভাগে ৮১ স্টেশনের ১৭২টি স্টেশন মাস্টারের পদে কর্মরত আছেন ১০২ জন। ১৫ রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মোকছেদুল আরেফিন জানান, তাঁর বিভাগে ৭৯টি স্টেশনের জন্য ২৪০ মাস্টারের পদ রয়েছে। কিন্তু ৭৫ মাস্টারের পদ শূন্য থাকায় মিরেশ্বরাই, বাড়বকুণ্ড, মাস্তাননগর ও বারিয়াটআলা রেলস্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, যাত্রী ও ট্রেন সংখ্যার বিচারে রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা বিভাগে ১৪১ স্টেশনের বিপরীতে ৪২৭ জন স্টেশন মাস্টারের পদ রয়েছে। কিন্তু বর্তমানে ১৫৯টি পদ শূন্য থাকায় ১০টি আংশিক ও চারটি স্টেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, প্রতিদিন এ বিভাগে ১৫৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। তিনি দাবি করেন, এ বিভাগে ১৫৯ জন স্টেশনমাস্টারের পদ শূন্য থাকা সত্ত্বেও রেলের কার্যক্রম চালু রাখা হচ্ছে।লালমনিরহাট বিভাগের দিনাজপুর জেলার মন্মথপুর রেলস্টেশন বন্ধ হয়েছে মাস চারেক আগে। স্টেশনটি বন্ধ হওয়ায় স্থানীয় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হাই ক্ষোভের সঙ্গে বলেন, মন্মথপুর থেকে ট্রেনে দিনাজপুর যাওয়ার ভাড়া লোকাল ট্রেনে পাঁচ টাকা ও মেইল ট্রেনে ১০ টাকা। অথচ বাসে লাগে ৩৬ টাকা। তাঁর মন্তব্য, সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না বলে স্টেশনটি বন্ধ করে দিয়েছে।রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ পার্সোনাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আউয়াল ভূঁইয়া বলেন, স্টেশনমাস্টারের সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০০৬-০৭ সালে স্টেশনমাস্টার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও হাইকোর্টে মামলা হওয়ায় তা স্থগিত হয়ে যায়। মামলাটি নিষ্পত্তি হয়েছে। আগের আবেদনকারীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে শিগগির নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে।