বন্ধ হয়ে গেছে শরীয়তপুরের ৮০০ পোলট্রি খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন খরচের চেয়ে বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কম। লোকসানের কারণে শরীয়তপুরের প্রায় ৮০০টি পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। এতে খামার ব্যবসায়ীরা ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরে ৬১২টি পোলট্রি খামার নিবন্ধন নিয়েছে। এর মধ্যে ৩৩৭টি বন্ধ হয়ে গেছে। নিবন্ধন ছাড়া জেলায় আরও ৬০০টি পোলট্রি খামার রয়েছে। তার মধ্যে ৪৫০টি বন্ধ হয়ে গেছে। মুরগির খাবার, বাচ্চা, ওষুধ ও শ্রমিক মূল্য বৃদ্ধি পাওয়ায় লোকসানের মুখে পড়ে গত ছয় মাসে এ খামারগুলো বন্ধ হয়ে যায়।
পোলট্রি খামারের মালিকেরা জানান, বর্তমান বাজারে এক কেজি ব্রয়লার মুরগির দাম স্থানভেদে ১০০ থেকে ১১০ টাকা। একটি ডিমের দাম সাত টাকা। এক কেজি মুরগির উৎপাদন খরচ পড়ে ১১০ থেকে ১২০ টাকা। প্রতিটি ডিমের উৎপাদন খরচ সাত থেকে সাড়ে সাত টাকা। উৎপাদন খরচের চেয়ে কম দামে মুরগি ও ডিম বিক্রি করায় গত ছয় মাসে শরীয়তপুরে ৭৮৭টি খামার বন্ধ হয়ে গেছে। অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খামারগুলো চালাতেন ব্যবসায়ীরা। খামার বন্ধ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধ করা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।
শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের পোলট্রি খামারি রুহুল আমিন বলেন, ‘আমার ১১টি খামার ছিল। লোকসানের কারণে ইতিমধ্যে ছয়টি খামার বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি এমন থাকলে বাকি খামারগুলো বন্ধ করে দিতে হবে। ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়েছি। এখন কীভাবে তা পরিশোধ করব, সে চিন্তায় থাকতে হয়।’
নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের পোলট্রি খামারি দিদারুল আলম বলেন, ‘লেয়ার ও ব্রয়লার খামার তিন বছর চালিয়েছি। পাঁচ লাখ টাকা লোকসান দিয়ে খামার বন্ধ করে দিয়েছি। এখন ঋণের টাকা পরিশোধ করতে পারছি না।’ গোসাইরহাট উপজেলার সামন্তসার গ্রামের আবুল হাসেম বলেন, ‘মুরগির খাবার ও আনুষঙ্গিক দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেশি। নিয়মিত বেতন পরিশোধ করতে না পারায় পোলট্রির খামার চালাতে শ্রমিক পাওয়া যায় না। লোকসান দিয়ে খামার কীভাবে চালাব? বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি।’
পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি আবদুল আলিম বেপারি জানান, শরীয়তপুরে পোলট্রি খামার মালিকেরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উৎপাদন খরচ তুলতে না পেরে খামারগুলো চালানো যাচ্ছে না। লোকসানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাধ্য হয়ে অনেক খামার বন্ধ করে দিয়েছেন।