বন্ধ হয়ে গেল পূর্ণিমা হল
প্রতিটি সিনেমা শেষে পর্দায় ভেসে ওঠে ‘সমাপ্ত’। গত ২৯ বছরে হাজারো সিনেমার সমাপ্তি ঘোষণা হয়েছে কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হলে। এবার এই হলেরই ‘সমাপ্তি’ ঘোষণা করলেন মালিকেরা। গত ৩০ মার্চ বিকেলে প্রেমী ও প্রেমী সিনেমা প্রদর্শনের পর বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হলটি।
সিনেমা হলের মালিকেরা জানিয়েছেন, সিনেমা হলের জায়গায় নির্মাণ করা হবে দুটি ২০ তলা ভবন। আগামী বছরের শুরুতে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করার ইচ্ছা তাঁদের। ৩১ মার্চ হলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংযোগ।
বাংলা সিনেমার জৌলুশময় সময়ে শুরু হয়েছিল পূর্ণিমা সিনেমা হলের যাত্রা। ১৯৮৮ সালে শাবানা, আলমগীর ও জসিম অভিনীত বিশ্বাসঘাতক চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে পূর্ণিমা সিনেমা হলের যাত্রা শুরু হয়। বাংলা সিনেমার জৌলুশ কমার সঙ্গে সঙ্গে হলটিও জৌলুশ হারাতে থাকে। এবার পুরোপুরিই বন্ধ হয়ে গেল।

সিনেমা হল বন্ধ হলেও কয়েকজন কর্মচারী এখনো রয়ে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায়, নিজেরা বসে গল্প করছেন তাঁরা। সবার মুখেই আফসোস—নিয়মিত ভালো সিনেমা মুক্তি পেলে হলটি বন্ধ হতো না। হলে সর্বশেষ প্রদর্শিত জাজ মাল্টিমিডিয়ার প্রেমী ও প্রেমী সিনেমাটি মোটামুটি ভালো ব্যবসা করেছিল বলেও মন্তব্য করলেন একাধিকজন।
এই কর্মীদের একজন নাম না প্রকাশের শর্তে বলেন, ‘হল চালাইয়্যা মালিককে প্রতি মাসে ভর্তুকি গুনতে হচ্ছিল। হল চালু রাখলে প্রতিদিন যে খরচ, তার অর্ধেকও টিকিট বিক্রি করে উঠত না। হলের বিশাল জায়গা। তাই মালিক আর লস না দিয়া নতুন বিল্ডিং করতাছে।’
গতকাল বিকেলে গিয়ে দেখা গেল, হলের প্রবেশমুখ বন্ধ। হলের বাইরের অংশে টিকিট কাউন্টারগুলো ফাঁকা পড়ে আছে। সর্বশেষ প্রদর্শিত ছবি প্রেমী ও প্রেমীর পোস্টার দেয়ালে সাঁটানো। ভেতরে অন্ধকার। তার মধ্যেই শ্রমিকেরা দেয়াল ভাঙার কাজ করছেন। খুলে ফেলা দরজা, জানালা এক পাশে জড়ো করে রাখা।
বাইরে বসে ছিলেন হলটির টিকিট বিক্রেতা জাকির হোসেন। সাত বছর ধরে কাজ করছেন এখানে। তিনি বললেন, একসময় হলে দর্শকদের ভিড় ছিল। এখন নতুন সিনেমা এলেও দর্শক আসত না। ৮-১০ জন দর্শক নিয়ে শো চালাতে হতো। দর্শক না থাকায় বন্ধ হয়ে গেল হলটা।
এখন কী করবেন জানতে চাইলে জাকির বলেন, ‘ঢাকায় থাকার জায়গা নেই। তাই এখনো হলের ভেতরেই থাকি। হলের মায়া ছাড়তে পারি নাই। তাই হলের বাইরে চা-পানের দোকান দিছি। হল ভাঙা শেষ হওয়া পর্যন্ত এখানেই থাকব।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ ভালো সিনেমার অভাব। ভালো সিনেমা উপহার দিতে পারলে দর্শক হলে আসবেন। যেসব সিনেমা মুক্তি পায়, সেগুলো দেখতে দর্শকেরা আগ্রহী হন না।
আয় কম বলে হলের ভেতরের পরিবেশ উন্নয়নেও বিনিয়োগ করতে পারছেন না অনেক মালিক। পরিবেশের কারণেও অনেক সময় দর্শকেরা আসেন না বলে স্বীকার করলেন একাধিক কর্মী। পূর্ণিমা হলের ভেতর গিয়েও দেখা গেল, দর্শকের আসনের বেশির ভাগ ছেঁড়া, ভাঙা। হলের সাদা রঙের বিশাল পর্দা ময়লা জমে লালচে হয়ে গেছে।
সিনেমা হলটির মালিকপক্ষের লোকজনও হলের বাইরে বসে ছিলেন। শ্রমিকদের কাজ তদারক করছিলেন তাঁরা। তাঁদেরই একজন মো. হাফিজুদ্দিন মাহবুব প্রথম আলোকে বললেন, সিনেমা হলের জায়গায় ২০ তলা দুটি বাণিজ্যিক ভবন করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে আগামী বছরের শুরুতেই ভবনের কাজ শুরু করার ইচ্ছা আছে তাঁদের। নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধাসহ সিনেমা হল করা হবে কি না জানতে চাইলে নেতিবাচক জবাব দেন হাফিজুদ্দিন।
পূর্ণিমা হল অতীত হয়ে গেছে। কিন্তু কারওয়ান বাজার আন্ডারপাসের পশ্চিম প্রান্তটি ‘পূর্ণিমা হল’ নামে যে পরিচিত পেয়েছে, তা হয়তো আগামীতেও থেকে যাবে সাধারণ মানুষের কাছে।